লাহোরে যাওয়ার অনুমতি পাননি ভারতীয় কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একজন কূটনীতিককে পাকিস্তান সরকার সে দেশের লাহোর শহরে যাওয়ার অনুমতি দেয়নি। এতে করে সেখানে আয়োজিত সার্ক বাণিজ্য মেলায় ভারতের কূটনৈতিক মিশনের কোনো স্টল স্থাপন করা যায়নি। খবর এনডিটিভির।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্যদেশগুলো দ্বাদশ সার্ক বাণিজ্য মেলায় অংশ নেয়। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুররাম দস্তগীর খান গত শুক্রবার মেলার উদ্বোধন করেন। ভারতের অন্তত ৫০ জন ব্যবসায়ী তিন দিনের ওই মেলায় (৪ থেকে ৬ ডিসেম্বর) অংশ নেন। সার্ক দেশগুলোর কূটনৈতিক মিশনের স্টল বসানোর জন্য সেখানে জায়গাও বরাদ্দ দেওয়া হয়। তবে ভারতীয় হাইকমিশনের প্রধান সমন্বয়কারী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার অনুমতি পাননি। ফলে ওই মেলায় সার্কের অন্য দেশগুলোর মিশন থাকলেও ভারতের নেই।
এদিকে ভারতের পুলিশ ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক এক সেনাকে গ্রেপ্তার করেছে। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজৌরি জেলা থেকে গত শুক্রবার মনোয়ার আহমদ মীর নামের ওই সেনাকে গ্রেপ্তার করা হয়। আগেই গ্রেপ্তার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং রাজ্য সরকারের এক কর্মকর্তাকে জেরায় আহমেদ মীরের নাম পাওয়া যায়।