লাহোর হামলা: পাঁচ সহস্রাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচ সহস্রাধিক ব্যক্তিকে আটক করা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক ব্যক্তিকে আটক রাখা হয়েছে। ঘটনা তদন্তে যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এসব তথ্য জানানো হয়।

পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ গতকাল মঙ্গলবার বলেন, প্রদেশের বিভিন্ন অংশ থেকে ৫ হাজার ২২১ জনকে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও তদন্তের জন্য সন্দেহভাজন ২১৬ জনকে আটক রাখা হয়েছে। হামলার ঘটনা তদন্তে একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে।

পাঞ্জাব সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ বলে যে কথা প্রচলিত রয়েছে, তা নাকচ করেন এই মন্ত্রী। রানা সানাউল্লাহ বলেন, সন্ত্রাসীদের ধরতে সামরিক ও বেসামরিক সংস্থাগুলো প্রদেশজুড়ে অভিযান চালাচ্ছে।

লাহোরের একটি পার্কে গত রোববার ভয়াবহ বোমা হামলা হয়। খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে পার্কটিতে অনেক মানুষ জড়ো হয়েছিল। হামলায় এ পর্যন্ত ৭৩ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৩০০। পাকিস্তান তালেবানের একটি পক্ষ এই হামলার দায় স্বীকার করেছে।