লাহোরের কাছে বিস্ফোরণ, নিহত ২৫
পাকিস্তানের লাহোরের কাছে ফিরোজপুর সড়কের আরফা করিম আইটি টাওয়ারের পাশে বিস্ফোরণের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ জনের বেশি। আজ সোমবার বিকেলের দিকে এ হামলার ঘটনা ঘটে। এটি আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে পুলিশ।
পাঞ্জাব সরকারের হয়ে লাহোরের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে টুইটে নিহত ব্যক্তিদের সংখ্যা জানানো হয়। পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক মোহাম্মদ আহমেদ বলেন, পুরোনো সবজির বাজারে গাড়িবোমা হামলা হয়েছে।
ডিআইজি অপারেশন্স হায়দার আশরাফ বলেন, এটি আত্মঘাতী হামলা। লক্ষ্য ছিল পুলিশ।
ডন অনলাইনের খবরে জানানো হয়, পুলিশ সুপার ইমরান আওয়ান প্রাথমিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হামলায় নয়টি মৃতদেহ হাসপাতালে নিতে দেখেছিলেন তিনি। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য। বিস্ফোরণের পর ওই এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। দাঙ্গাবিরোধী পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। ফরেনসিক দলের সদস্যরা আলামত সংগ্রহ করছেন। তথ্যসূত্র: ডন অনলাইন।