লড়াইয়ে জিতলেও মনস্তাত্ত্বিকভাবে হেরে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৌধুরী নিসার
চৌধুরী নিসার

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সেনাবাহিনী জিতছে। তবে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে মনস্তাত্ত্বিকভাবে হেরে যাচ্ছি।’ খবর ডনের।
ইসলামাবাদে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এভাবেই অকপটে স্বীকারোক্তি দেন চৌধুরী নিসার। পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে তালেবানের হামলার পর পাকিস্তান সন্ত্রাস নির্মূলে জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) করেছিল। সম্প্রতি একই প্রদেশের চারসাদা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হানার পর ওই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সমালোচনা শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী নিসার এ প্রসঙ্গে বলেন, ‘যখনই কোনো হামলার ঘটনা ঘটে, মনে হয় ঝড় বয়ে যায়। আমাদের শত্রুরা যেমনটি চায় সেভাবেই আমরা নিজেরাই একটি ভয়ের পরিস্থিতি তৈরি করে ফেলি। জনগণ সরকারকে এই বলে দুষতে থাকে যে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।’
সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় সম্প্রতি পাঞ্জাবের স্কুলগুলো কয়েক দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে নিসার বলেন, স্কুলগুলো খুললে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিরা আমাদের কোমল অনুভূতির জায়গাগুলোকে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। প্রতিটি স্কুলের নিরাপত্তা নিশ্চিত করা খুব কঠিন। তবে আমাদের তা করতেই হবে।’