শাফকাতকে ফাঁসিই দিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাফকাত হোসেন
শাফকাত হোসেন

পাকিস্তানে শিশু হত্যার আলোচিত মামলায় দোষী সাব্যস্ত শাফকাত হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আইনজীবীদের দাবি অনুযায়ী, অপরাধ সংঘটনের সময় শাফকাত অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে তাঁর মৃত্যুদণ্ড নিয়ে ব্যাপক বিতর্কের সূত্রপাত হয়েছিল। খবর এএফপি ও বিবিসির।
শাফকাতের ভাই ও করাচি কারাগারের একজন কর্মকর্তা জানান, ওই কারাগারে গতকাল মঙ্গলবার ভোরের কিছু আগে ফাঁসিতে শাফকাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
করাচিতেই ২০০৪ সালে সাত বছরের এক শিশুকে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত হন শাফকাত। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর ছিল বলে বলে আসছিলেন আইনজীবীরা। নির্যাতন করে শাফকাতের স্বীকারোক্তি আদায় করা হয় বলেও দাবি করেন তাঁরা। এসব দাবির পরিপ্রেক্ষিতে এই মামলা নিয়ে আন্তর্জাতিক সমালোচনা শুরু হয়। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো শাফকাতের মৃত্যুদণ্ড কার্যকর না করার আবেদন জানিয়ে আসছিল।
পাকিস্তানের আইনে ১৮ বছর বয়সের নিচের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তৎপরতার ফলে এ বছর শাফকাতের দণ্ড কার্যকর চারবার স্থগিত করা হয়।