শাহবাজই হচ্ছেন পিএমএলের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাজ শরিফ
শাহবাজ শরিফ

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। সেপ্টেম্বর মাসে তিনি পিএমএল-এনের প্রধানের দায়িত্ব নেবেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে।

দেশটির আদালত পানামা পেপারস দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে। এর কয়েক ঘণ্টার পরই তিনি পদত্যাগ করেন। পরে নওয়াজকে দলের প্রধানের পদ থেকেও সরে যাওয়ার আইনি নোটিশ দেয় দেশটির নির্বাচন কমিশন।

আজ সোমবার লাহোরের সাবেক মডেল টাউন এলাকায় নওয়াজ শরিফ ও তাঁর ছোট ভাই শাহবাজ শরিফে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শাহবাজকে দলের প্রেসিডেন্ট নিযুক্তের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। দলের একটি সূত্র জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর শাহবাজকে পিএমএল-এনের প্রধান হিসেবে নিযুক্ত করা হতে পারে।

এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন পিএমএল-এনের নতুন প্রেসিডেন্ট করার ব্যাপারে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে সিনেটর সরদার ইয়াকুব খান নাসিরকে দলের অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়।

পাকিস্তানের নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়, ‘রাজনৈতিক দল অধ্যাদেশ ২০০২’ অনুসারে একজন আদালতে অযোগ্য ঘোষিত কোনো আইনপ্রণেতা কোনো রাজনৈতিক দলের পদে থাকতে পারবেন না। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে পানামা পেপারস কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পরই নওয়াজ শরিফ পদ থেকে সরে যাওয়ার বিষয়টি নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্দেশনায় দ্রুত দলীয় প্রধান নিয়োগ করে তা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জানানোর কথা বলা হয়েছে। পিএমএল (এন)-এর নিজস্ব গঠনতন্ত্র ১৫ নম্বর অনুচ্ছেদের কথাও উল্লেখ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যদি দলীয় প্রধানের পদ শূন্য হয়, তবে তা এক সপ্তাহের মধ্যে পূরণ করতে হবে।’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, পার্লামেন্টের সদস্য হওয়ার অযোগ্য কোনো ব্যক্তি নির্বাচনী আইনে রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না। নির্বাচন কমিশনের নির্দেশ এখন পর্যন্ত রাখতে পারেনি দলটি। নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজও জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

দলের পক্ষ থেকে স্থায়ীভাবে কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত সরদার ইয়াকুব নাসিরই পিএমএল-এনের প্রধানের দায়িত্ব পালন করবেন। তবে কিছুদিনের মধ্যেই দলের প্রধানের দায়িত্বে শাহবাজকে বসানোর ব্যাপারে দলটির নেতারা একমত হয়েছেন। এর আগে শাহবাজ শরিফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্তের ব্যাপারেও কথা উঠেছিল। তবে শেষ পর্যন্ত শহীদ খাকান আব্বাসি সেই দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়। তথ্যসূত্র: ডন।