শাহবাজের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কমছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাজ শরিফ। ফাইল ছবি
শাহবাজ শরিফ। ফাইল ছবি

পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কমে আসার মধ্যে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন শহিদ খাকান আব্বাসি।

নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় পরিষদে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া শেষ করার সময় পর্যন্ত ৪৫ দিন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্বাসি। তবে শাহবাজ শরিফের লাহোরভিত্তিক দুই সহযোগী গতকাল বলেন, তাঁর ক্ষমতা গ্রহণের সম্ভাবনা কমে আসছে।

এদিকে শাহবাজ শরিফের  দুই সহযোগীর একজন বলেন, শাহবাজের প্রধানমন্ত্রিত্বের বিষয়টি নিয়ে নওয়াজ শরিফ দোটানায় আছেন।

নির্বাচনী প্রচারে অংশ নিতে বাধা

পাকিস্তানের ডনপত্রিকা জানায়,নির্বাচন কমিশনের (ইসিপি) নতুন ঘোষিত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ নিজের নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। গতকাল ইসিপির এই ঘোষণায় হতভম্ব হয়ে পড়েন পর্যবেক্ষকেরা।

দেশটির সুপ্রিম কোর্ট গত সপ্তাহে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পর এনএ-১২০ নামে লাহোরের সাংবিধানিক আসনটি শূন্য হয়ে পড়ে। আসনটিতে ১৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠানের কথা।

নির্বাচনী আচরণবিধিতে উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান, সাধারণ পরিষদের স্পিকার, মন্ত্রী, গভর্নর, মুখ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তা ওই নির্বাচনী এলাকায় যেতে কিংবা প্রকাশ্য বা গোপনে কোনো ধরনের চাঁদা বা সহায়তা দেওয়া বা সহায়তার আশ্বাস দিতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও সেই আচরণবিধির আওতায় পড়েছেন।