শিক্ষকের হাতে অস্ত্র নিয়ে আবার বিতর্ক পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন এক শিক্ষক l এএফপি
রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন এক শিক্ষক l এএফপি

পেশোয়ারের আখুনাবাদ সরকারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে তখন শিক্ষার্থীদের অ্যাসেম্বলি চলছে। প্রধান শিক্ষক নাভিদ গুল সশস্ত্র নিরাপত্তারক্ষীকে পাশ কাটিয়ে নিজ কক্ষে ঢুকলেন। পরনের সোয়েটারের ভেতর থেকে একটা পিস্তল বের করে রাখলেন টেবিলে। ‘এম২০ পিস্তল, চীনের তৈরি, ভালো কাজ করে’—বললেন নাভিদ গুল।
শিক্ষকদের কাছে অস্ত্র রাখা নিয়ে বিতর্ক আবার সামনে উঠে এসেছে পাকিস্তানে। পেশোয়ারের অদূরে বাচা খান বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে তালেবান বন্দুকধারীরা অতর্কিত হামলা চালালে একজন শিক্ষক নিজের সঙ্গে থাকা বন্দুক দিয়ে পাল্টা গুলি চালিয়েছিলেন। ছাত্রদের রক্ষার চেষ্টায় শেষমেশ নিজেই গুলিতে নিহত হন।
পাকিস্তানে শিক্ষকদের এভাবে অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয় ২০১৪ সালে—এই পেশোয়ারেরই এক স্কুলে রক্তক্ষয়ী জঙ্গি হামলার পর। পাকিস্তানি তালেবানের ওই হামলায় প্রাণ হারিয়েছিল ১৩৫ শিশু-কিশোর শিক্ষার্থীসহ দেড় শতাধিক মানুষ।
শিক্ষকদের হাতে এ রকম অস্ত্র তুলে নেওয়া প্রসঙ্গেই ওই পিস্তলের গুণগান করছিলেন প্রধান শিক্ষক নাভিদ গুল। বলছিলেন, স্কুলে অস্ত্র নিয়ে আসাটা তাঁর আত্মবিশ্বাস বাড়ায়। ‘হাতে অস্ত্র আছে মানে আপনি এখন লড়তে পারেন। এখন যদি কোনো সন্ত্রাসী আসে, আমি এখানে বসেই পিস্তল দিয়ে গুলি ছুড়তে পারব’, বললেন তিনি।
কয়েকজন মনস্তত্ত্ববিদ এএফপিকে বলেন, বড় ধরনের আঘাতের পর লোকজনের মধ্যে অস্বাভাবিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রবণতা একধরনের খ্যাপামি। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের এই প্রধান শিক্ষকের পরিস্থিতি ভিন্ন। বাস্তব অবস্থা মোকাবিলায়ই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। পাকিস্তানে জঙ্গিরা অনেক দিন ধরেই শিক্ষাব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করছে। ২০১২ সালে প্রত্যন্ত সোয়াতে স্কুলপড়ুয়া মালালা ইউসুফজাইয়ের ওপর গুলিবর্ষণ থেকে শুরু করে গত বুধবার বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা এরই প্রমাণ। গত শুক্রবার তালেবানের একটি উপদল বিশ্ববিদ্যালয়ে এ হামলার দায় স্বীকার করে ভবিষ্যতে পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও হামলার হুমকি দিয়েছে।

এ অবস্থায় প্রধান শিক্ষক নাভিদ গুলের সোজাসাপ্টা কথা, ‘আমি নিজেকে ও আমার শিক্ষার্থীদের বাঁচাতে চাই।’

সাম্প্রতিকতম এই হামলার ঘটনাস্থল খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকারের মুখপাত্র শওকত ইউসুফজাই বলেন, এ প্রদেশে ৬৮ হাজার স্কুল রয়েছে। আর পুলিশ রয়েছে মাত্র ৫৫ হাজার। সরকার একা এত স্কুলের নিরাপত্তা দিতে পারবে না। তাই হাতে অস্ত্র তুলে নেওয়ার শিক্ষকদের দাবি মেনে নিচ্ছে।

 মুখপাত্র শওকত ইউসুফজাই আরও বলেন, ‘হামলার মতো পরিস্থিতিতে এই অস্ত্র ব্যবহারে কোনো ক্ষতি নেই।’ তবে পেশোয়ারভিত্তিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাদ খানের কথায়, দেশের শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়া মূর্খের কাজ। শিক্ষকদের মধ্যে অনেকে আছেন তরুণ। একবার যদি লড়াই ছড়িয়ে পড়ে, তবে রক্তের বন্যা বইবে। হামলাকারীদের পাল্টা হামলা করে হত্যা নয়, বরং সন্ত্রাসের দীর্ঘমেয়াদি কারণকে উৎপাটন করাই সঠিক পথ। সূত্র: এএফপি