পাকিস্তানের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে আরও হামলার অঙ্গীকার করেছেন দেশটির তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। ভিডিওতে পেশোয়ারের বাচা খান বিশ্ববিদ্যালয়ে চালানো হামলায় জড়িত চার তালেবান সদস্যেরও ছবি প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।
প্রকাশিত ভিডিওতে আঙুল উঁচিয়ে তালেবান কমান্ডার উমর মানসুর বলেন, ‘এখন আমরা সেনানিবাসে সেনাদের, আদালতে আইনজীবীদের বা পার্লামেন্টে রাজনীতিবিদদের হত্যা করব না। কিন্তু যেখান থেকে তাঁরা তৈরি হন, সেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালাব।’ মানসুর আরও বলেন, ‘সব স্কুল ও বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে আমাদের হামলা অব্যাহত থাকবে।’
খবরে বলা হয়, নতুন এই ভিডিও বার্তার মধ্য দিয়ে তেহরিক ই তালেবান (টিটিপি) বা পাকিস্তান তালেবানের মধ্যে মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা, টিটিপির জ্যেষ্ঠ কমান্ডার উমর মানসুর বাচা খান বিশ্ববিদ্যালয়ে বুধবারের হামলায় জড়িত থাকার দায় স্বীকার করলেও সংগঠনের মুখপাত্র তা অস্বীকার করেছেন।
গতকালের ভিডিওতে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত চারজনের ছবিও দেখানো হয়। এদের মধ্যে দুজন বয়সে কিশোর। ভিডিওতে দেখানো হয়, ওই হামলা চালানোর আগে তারা গুলি চালনার প্রশিক্ষণ নিচ্ছে।
পেশোয়ারের চারসাদা শহরের ওই বিশ্ববিদ্যালয়ে চালানো হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হন। পুলিশ ও কমান্ডো বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় চার হামলাকারীও। উমর মানসুর বলেছিলেন, সরকারি চাকরি ও সেনাবাহিনীতে যোগদানের লক্ষ্যে শিক্ষার্থী তৈরি করতে থাকায় সেখানে হামলা চালানো হয়েছে। তবে তাঁর এ বক্তব্যের পর লিখিত এক বিবৃতিতে টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন, এ ধরনের হামলা ইসলাম পরিপন্থী।