শিক্ষার্থীদের বাঁচাতে 'শহীদ' হলেন এক শিক্ষক
তালেবান জঙ্গিদের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিয়ে ‘শহীদ’ আখ্যা পেয়েছেন পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শিক্ষায়তনটিতে গতকাল বুধবারের ওই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২১ জন নিহত হন। খবর এএফপির।
সৈয়দ হামিদ হোসেন নামের ওই শিক্ষক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। জঙ্গিদের অগ্রযাত্রা আটকে দিয়ে শিক্ষার্থীদের পালানোর সুযোগ করে দেওয়ার একপর্যায়ে বুলেটে নিজের শরীর ঝাঁঝরা হয়ে যায় তাঁর। প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানান, তালেবান জঙ্গিদের আসতে দেখে শিক্ষক হামিদ সব শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের ভেতরেই থাকতে বলেন। এরপর নিজের কাছে থাকা পিস্তল বের করে জঙ্গিদের দিকে গুলি ছুড়তে থাকেন। এতে করে তারা থমকে যায়। এই সুযোগে শিক্ষার্থীদের অনেকে পালিয়ে যেতে সক্ষম হন।
জহুর আহমেদ নামের এক শিক্ষার্থী জানান, প্রথমে কয়েকটি গুলি ছোড়ার পর শিক্ষক হামিদ তাঁকে ভবন ছেড়ে যেতে নিষেধ করেন। জহুর বলেন, ‘হামিদ স্যারের হাতে একটি পিস্তল ছিল। একসময় দেখি, তাঁর গায়ে গুলি লেগেছে। দেখলাম দুই জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। আমি দৌড়ে ভেতরে গিয়ে পেছনের দেয়াল দিয়ে লাফিয়ে পালাতে সক্ষম হই।’