পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক কেন্দ্রস্থল পাঞ্জাবে ২৮০ শিশুকে যৌন হয়রানির ঘটনায় দেশটিতে তোলপাড় চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। নিপীড়িত শিশুদের আইনজীবী ও পরিবারের অভিযোগ, পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খবর এএফপি ও রয়টার্সের।
ভুক্তভোগী শিশুদের আইনজীবী লতিফ আহমেদ সারা গতকাল সোমবার অভিযোগ করেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ সুরক্ষা দিচ্ছে। মানবাধিকারকর্মী লতিফ আহমেদ বলেন, ২৫ জন পুরুষের একটি দল কমপক্ষে ২৮০টি শিশুকে যৌন নিপীড়ন করে এবং এর দৃশ্য ভিডিও করে। পরে তারা ওই শিশুদের বাবা-মাকে চাপ দিয়ে অর্থ আদায় করতে কয়েক শ ভিডিও চিত্র ব্যবহার করে।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাঞ্জাব প্রদেশের হুসেইন খানওয়ালা নামের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। গত সপ্তাহে পুলিশের করা প্রাথমিক তদন্তে অভিযোগটিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছিল।