শিয়ালকোটে সহিংসতা: ভারতকে খোঁচা পাকিস্তানের তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী
ফাইল ছবি: টুইটার থেকে সংগৃহীত

পাকিস্তানের শিয়ালকোট শহরে কয়েক দিন আগে ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে পাকিস্তানের জনগণ ও সরকার এক হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেছেন, পাকিস্তানের এই অবস্থান প্রমাণ করছে, ‘আমরা ভারতের মতো না’।

গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের মন্ত্রী এমন মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। তিনি বলেন, সহিংসতার ওই ঘটনার জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার শুরুর ওপর জোর দিয়েছে মন্ত্রিসভা। তাঁদের আইনের আওতায় এনে সাজা দেওয়া হবে।

ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায় রয়েছে রাষ্ট্রের। পাকিস্তান এই নীতি মেনে চলে।

সংবাদ সম্মেলনে ভারতের প্রসঙ্গ টেনে আনেন ফাওয়াদ। তিনি বলেন, ভারতের মুসলিমদের ওপর প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে কেউ ভ্রুক্ষেপও করে না। কিন্তু পাকিস্তানে এ ধরনের ঘটনার বিরুদ্ধে পুরো জাতি এক হয়।

পাকিস্তানের জনগণ ও মন্ত্রিসভা শিয়ালকোটের ঘটনার নিন্দা জানিয়েছে বলে উল্লেখ করেন ফাওয়াদ চৌধুরী। আগামীতে এ ধরনের ঘটনা রোধে সরকার পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, শিয়ালকোটে শ্রীলঙ্কার নাগরিককে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা করা ও তাঁর মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি পাকিস্তানের জন্য কলঙ্কের।

৪৯ বছর বয়সী ওই শ্রীলঙ্কার নাগরিকের নাম প্রিয়ান্থা দিয়াওয়াদনা। তিনি শিয়ালকোটের একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার একদল জনতা কারখানায় ঢুকে তাঁকে বের করে এনে হত্যা করেন। গুজব ওঠে, প্রিয়ান্থা ধর্মীয় বাণী লেখা একটি পোস্টার ছিঁড়ে তা ডাস্টবিনে ফেলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিয়ান্থাকে মেঝেতে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। শত শত মানুষ তাঁর জামা-কাপড় ছিঁড়ছে। সহিংসভাবে তাঁকে মারধর করছে। পিটিয়ে হত্যার পর তাঁর লাশ পোড়ানো হয়। কয়েক ডজন মানুষকে তাঁর লাশের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।