ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানি খ্রিষ্টান নারী আসিয়া বিবির মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার ওপর শুনানি গতকাল বৃহস্পতিবার মুলতবি করলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের তিন বিচারকের একজন শুনানি গ্রহণ করতে বিব্রত বোধ করায় এ নির্দেশ দেন আদালত। আসিয়া বিবির বিরুদ্ধে ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে ২০০৯ সালের জুন মাসে। তিনি পানি আনতে গিয়ে স্থানীয় মুসলিম নারীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। পরে ওই মুসলিম নারীরা স্থানীয় ধর্মীয় নেতাদের কাছে অভিযোগ করেন, আসিয়া মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। ২০১০ সালে পাকিস্তানের হাইকোর্ট ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড দেন। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের মধ্যে বিচারপতি হামিদ-উর-রহমান শুনানি গ্রহণে রাজি হননি। প্রধান বিচারপতিকে হামিদ বলেন, তিনি এর আগে পাকিস্তানের পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের মামলার শুনানি গ্রহণ করেছেন। আসিয়া বিবির মামলা ওই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত।
এএফপি