শোকে পাথর পাকিস্তান
পাকিস্তানে আজ বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। শোকে পাথর কোমলমতি শিশুদের বাবা-মা, স্বজনেরা। তাঁদের সঙ্গে শোক ভাগাভাগি করে নিচ্ছে পাকিস্তানসহ সারা বিশ্ব।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গতকাল মঙ্গলবার ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান অস্ত্রধারীরা। এতে প্রাণ হারিয়েছে ১৩২ জন স্কুলশিশু ও নয়জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। আহত হয়েছে ১২৫ জন।
এ ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ আখ্যায়িত করে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে অনেকের দাফন গতকালই শেষ হয়েছে। বাকিদের দাফন আজ করা হচ্ছে। দাফনের সময় সৃষ্টি হচ্ছে হৃদয়বিদারক দৃশ্যের। আদরের সোনামণিকে কবরে রাখতে গিয়ে ভেঙে যাচ্ছে হৃদয়। ভারী হয়ে উঠছে পরিবেশ।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পাকিস্তানে জাতীয় পর্যায়ে শোক পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। বিদেশে পাকিস্তানি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খোলা হয়েছে শোকবই।
এ ঘটনায় ইতিমধ্যেই বিশ্বনেতৃবৃন্দ নিন্দা ও শোক জানিয়েছেন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানি কর্মকর্তারা জানান, ছয়জন হামলাকারী নিরাপত্তা বাহিনীর পোশাক পরে অতর্কিতে স্কুলটিতে হামলা চালায়। হামলার সময় স্কুলে ৫০০ জন শিক্ষার্থী ছিল। নিহত ১৪১ জনের অধিকাংশই মারা যায় আত্মঘাতী বোমার বিস্ফোরণে। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সব হামলাকারী নিহত হয়।