শ্রেণিকক্ষে শিক্ষকদের বন্দুক রাখার অনুমতি
নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এবার অস্ত্র চালানো প্রশিক্ষণ দেওয়া হবে। শ্রেণিকক্ষে যাওয়ার সময় সঙ্গে বন্দুক রাখারও অনুমতি দেওয়া হচ্ছে তাঁদের। গত মাসে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত এক স্কুলে ভয়াবহ তালেবান হামলার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর এএফপির।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার শিক্ষামন্ত্রী আতিফ খান বলেন, অস্ত্র সঙ্গে রাখা প্রত্যেক শিক্ষকের জন্য বাধ্যতামূলক নয়, তবে যাঁরা স্বেচ্ছায় অস্ত্র নিয়ে স্কুলে যেতে চান, তাঁদের সে অনুমতি দেওয়া হবে।
প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী মুস্তাক গনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, ‘প্রদেশের সরকার এখানকার সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুলিশি নিরাপত্তা দিতে সক্ষম নয়। এখানে ৩৫ হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, অস্ত্র চালানো শেখাতে গত সপ্তাহেই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে নারী শিক্ষকদের সাম্প্রতিকতম দলটি।
ইতিমধ্যে পাকিস্তানজুড়ে স্কুলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।