পাকিস্তানে রাজনৈতিক সংকট অব্যাহত রয়েছে। চলমান দ্বন্দ্বে একদিকে সরকার ও প্রধান বিরোধী দলের অংশগ্রহণে ঐক্যবদ্ধ পার্লামেন্ট আর অন্যদিকে তৃতীয় বৃহত্তম দল ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান আওয়ামী পার্টি (পিএপি) ও অন্য দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। সংকট নিরসনের লক্ষ্যে গতকাল বুধবার পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে সব দলের আইনপ্রণেতারা অংশ নেন। খবর ডন, রয়টার্স ও এএফপির।
পিটিআইয়ের আইনপ্রণেতারা গতকালের অধিবেশনের একপর্যায়ে পার্লামেন্ট ভবন ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পরই ফিরে আসেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর আগে পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশির বক্তব্যের সময় তিনি বেরিয়ে গিয়েছিলেন। অধিবেশন শুরুর আগে পার্লামেন্ট ভবনের সামনে ইমরান খান পিটিআইয়ের সব নেতা-কর্মীকে ইসলামাবাদের সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার নির্দেশ দেন।
প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা আবারও বলেছেন, তাঁরা প্রধানমন্ত্রী নওয়াজের পাশে রয়েছেন। পিটিআইয়ের আইনপ্রণেতা জাভেদ হাশমি জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পিটিআই ছেড়ে নিজের সাবেক দল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগে (পিএমএল-এন) ফিরে গেছেন। তবে ইমরান খান ও পিএটি নেতা তাহির-উল-কাদরি সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যেতে অনড়। তাঁরা এখনো প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করছেন। রাজধানী ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় এখনো হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান করছেন। নিরাপত্তা বাহিনীর প্রায় সমানসংখ্যক সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান মঙ্গলবার অভিযোগ করেন, সরকারবিরোধী সহিংসতাকারীরা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে।
রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পার্লামেন্টের সব রাজনৈতিক দল এবং কাদরির পিএটিকে গত মঙ্গলবার নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর আগে এ ব্যাপারে পিটিআই ও পিএটির পক্ষ থেকে পিটিশন দাখিল করা হয়েছিল।
এদিকে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) আইনপ্রণেতাদের পদত্যাগপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম-আহ্বায়ক নুসরাত শওকত। দলটির একজন নেতা বলেছেন, এক মাস ধরে পাকিস্তানের রাজনীতিতে চলমান নাটকের পরিপ্রেক্ষিতে ওই আইনপ্রণেতারা সিনেট, সিন্ধুর প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন। তবে পিএটির সঙ্গে সংহতি প্রকাশের জন্য এমকিউএম এ সিদ্ধান্ত নেয়নি।