সংবিধান স্থগিতের দায়ে শুধু মোশাররফের বিচার!

পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, ২০০৭ সালে দেশটির সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে কেবল তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিচার করা যাবে, অন্য কারও নয়। মামলা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে এক সাবেক বিচারপতির আবেদনের বিষয়ে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এ কারণে ২০১৩ সালে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ২০১৫ সালের ১৭ নভেম্বর সংশ্লিষ্ট বিশেষ আদালত কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) মামলা পুনঃ তদন্ত করা এবং এতে সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, সাবেক মন্ত্রী জাহিদ হামিদ ও সাবেক প্রধান বিচারপতি আবদুল হামিদ দোগারকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
চ্যালেঞ্জ করে বিচারপতি দোগার ইসলামাবাদের হাইকোর্টে আবেদন করলে তা খারিজ হয়। দোগার আবার সুপ্রিম কোর্টে আবেদন করলে সুপ্রিম কোর্ট বিশেষ আদালতের সিদ্ধান্ত খারিজ করে তিনজনকে মামলা থেকে বাদ দেওয়ার রায় দেন।
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, নতুন করে তদন্ত করার নির্দেশ দেওয়ার এখতিয়ার কেবল কেন্দ্রীয় সরকারের। একই সঙ্গে আদালত মোশাররফের বিচারকাজ যত শিগগির সম্ভব শেষ করতে বিশেষ আদালতকে নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত হলে পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড হতে পারে।