কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানের ‘সংযত’ মনোভাবকে দুর্বলতা ভাবা হলে ভারত ‘বড় ধরনের ভুল করবে’ বলে সতর্ক করে দিলেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফ। গতকাল মঙ্গলবার তাঁর উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ওই মন্তব্য করেন রাহিল শরিফ।
পাকিস্তানের ব্যাপক জনপ্রিয় সেনাপ্রধান রাহিল শরিফের শেষ কর্মদিবস ছিল গতকাল। ইসলামাবাদের অদূরে গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি নতুন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নতুন সেনাপ্রধানকে অভ্যর্থনা জানাতে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে রাহিল শরিফ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস ধরে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ভারতের আগ্রাসী পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিকে হুমকির মুখে ফেলেছে। আমি ভারতকে এটা স্পষ্ট করতে চাই, আমাদের সংযত নীতিকে দুর্বলতা ভাবলে তা হবে বড় ভুল।’ তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নতি অসম্ভব। এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ পদক্ষেপ জরুরি।
নিজের তিন বছরের দায়িত্বকালে ভারতের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে ছিলেন রাহিল শরিফ। তাঁর সময়ে পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর অবস্থান নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল।