সংসদীয় ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তাঁর পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্টের দেওয়া রায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারি মামলার সঙ্গে যুক্ত সচেতন ও দায়িত্বশীল মহলের প্রাথমিক প্রতিক্রিয়া হলো এই রায়ের তাৎক্ষণিক রাজনৈতিক ও আইনগত দিকগুলোতে গুরুত্ব দেওয়া দরকার। কেননা, এটি এমন এক বিষয় যেখানে ত্বরিত ও অপরিপক্ব সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিতে পারে।

এখন আদালতের সংক্ষিপ্ত অথচ চূড়ান্ত এই রায় আইনজীবী, রাজনীতিবিদ ও নাগরিক সমাজ বিশ্লেষণ করে দেখছে। পাকিস্তানের রাজনীতিতে এ রায়ের প্রভাব স্পষ্টভাবে নিরূপণ করা প্রয়োজন। বিশেষজ্ঞ ও নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতামত এ রায় নিয়ে পরিষ্কার: নওয়াজ শরিফকে অস্পষ্ট ও এক সংকীর্ণ আইনি ভিত্তিতে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত করার ক্ষেত্রে এ রায়ে অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে।

এ পরিস্থিতিতে প্রধান বিচারপতি সাকিব নিসারের উচিত পানামা পেপারস মামলায় পাঁচ বিচারপতির দেওয়া চূড়ান্ত রায় পর্যালোচনায় যথাযথ পিটিশন বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আহ্বান করা।

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে ও শক্তিশালী করতে হলে এই ব্যবস্থার বিধিমালা অবশ্যই স্পষ্ট, নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে। এটা আশা করাই যায় যে সুপ্রিম কোর্ট এমন যুক্তিযুক্ত রায় দেবেন, যা কাঙ্ক্ষিত ও সহজে বাস্তবায়নযোগ্য আইনি দৃষ্টান্ত স্থাপন করবে। এর বদলে সর্বোচ্চ আদালত এমন এক রায় দিলেন যেখানে নির্বাচিত কর্মকর্তাদের অযোগ্যতা নির্ধারণ-সংক্রান্ত মাপকাঠি দোদুল্যমান ও বিস্ময়কর রকমের বিস্তৃত হয়ে গেল। এ রায় এখন সংসদীয় ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির সূত্র হয়ে উঠতে পারে।

পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে যৌথ তদন্ত টিম আদালতে প্রতিবেদন দাখিলের পরপরই ডন পত্রিকা প্রধানমন্ত্রীকে সাময়িকভাবে হলেও পদত্যাগের আহ্বান জানিয়েছিল। পত্রিকাটি বারবার যুক্তি দেখিয়েছিল, পানামা পেপারস ঘটনায় নওয়াজ ও তাঁর পরিবারের উচিত আগে তাঁদের জবাবদিহি প্রতিষ্ঠা করা। কিন্তু একজন সাধারণ নাগরিক ও সেই সঙ্গে বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রত্যাশা করছিলেন একটা সুষ্ঠু ও সামঞ্জস্যপূর্ণ রায়ের। তাঁর এ প্রত্যাশা পাঁচ বিচারপতির বেঞ্চের চূড়ান্ত রায়ে দৃশ্যমান হয়নি। এ রায় ভবিষ্যতের প্রধানমন্ত্রীর অফিস, এমনকি স্বয়ং পার্লামেন্টের ভাগ্যের ওপরই এক গভীর প্রভাব ফেলল।

এ রায় পর্যালোচনার সুযোগের বিষয়টি সুপ্রিম কোর্টই কেবল নির্ধারণ করতে পারেন। তবু কিছু প্রশ্নের জবাব স্পষ্ট করা দরকার। উদাহরণ হিসেবে আর্থিক লেনদেন নিয়ে আইনি সংজ্ঞা কী? সংবিধানের ৬২ (১) (এফ) অনুচ্ছেদের আওতা কতটুকু ও ঘোষিত রায়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ কি এটি যথাযথভাবে নির্দিষ্ট করতে পেরেছেন? কোনো প্রার্থীর মনোনয়নপত্রে অঘোষিত বিষয়ের স্বরূপ কী, যাতে তাঁকে অযোগ্য বলে ঘোষণা করা যেতে পারে?