সন্ত্রাস নিয়ে মনোহরের বক্তব্যে সারতাজের উদ্বেগ

সন্ত্রাস দমন নীতি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ। ডন পত্রিকার খবরে এ কথা জানিয়ে বলা হয়, শনিবার নয়াদিল্লিতে মনোহর বলেন, ভারত অন্যান্য দেশের করা সন্ত্রাসবাদ মোকাবিলায় সন্ত্রাসকেই ব্যবহার করবে।
সারতাজ আজিজ বলেন, ‘ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর ওই বক্তব্য পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতায় ভারতীয় যোগসাজশের ব্যাপারে ইসলামাবাদের আশঙ্কাকেই নিশ্চিত করে। একটি নির্বাচিত সরকারের একজন মন্ত্রী নিজ দেশে সন্ত্রাস প্রতিরোধের কারণ দেখিয়ে অন্য একটি দেশের বিরুদ্ধে সন্ত্রাসকে ব্যবহারের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন—এমন ঘটনা এটিই প্রথম।’
পাকিস্তান ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেন সারতাজ। তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের অভিন্ন শত্রু এবং এই হুমকি মোকাবিলার জন্য দুই দেশের সম্মিলিত কার্যক্রম গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান অন্য যেকোনো দেশের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গত শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যটি ‘ভয়ানক স্বীকারোক্তি এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার ঘোষণা।’ আসিফ অভিযোগ করেন, মনোহর পারিকার সুনির্দিষ্ট করে বলেন যে সন্ত্রাসী তৎপরতা দমন করতে নিয়ন্ত্রণ আরোপ করা হবে না, বরং সন্ত্রাসকেই উৎসাহিত করা হবে। রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এটি নিকৃষ্টতম বক্তব্য।
পত্রিকার খবর অনুযায়ী, মনোহর পারিকার গত শনিবার নয়াদিল্লিতে বলেন, ‘কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। সন্ত্রাস দমনের কাজে ভারতীয় সেনাদের কাজে লাগানো উচিত। মুম্বাই হামলার মতো সন্ত্রাসী ঘটনা ঠেকাতে ভারত ব্যবস্থা নেবে।’