সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মনোভাব পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র
সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মনোভাব অবশ্যই পরিবর্তন করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ব্রিকস সম্মেলনে এই কথা জানায় তারা।
ব্রিকস সম্মেলনে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা ব্রিকস ফোরামে বৈশ্বিক সুশাসন ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলকভাবে অবদান রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন বলছে, পাকিস্তানকে তার আচরণের পরিবর্তন করতে হবে। জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়, তা আমরা দেখতে চাই।’
৪ সেপ্টেম্বর থেকে চীনে শুরু হয়েছে নবম ব্রিকস সম্মেলন। সম্মেলনে আফগানিস্তানে সহিংসতার ইতি টানতে বৈঠকে বসেছে ব্রিকসের সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সম্মেলনের যৌথ বিবৃতিতে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর নাম করে সন্ত্রাসের কঠোর নিন্দা করা হয়।
‘ব্রিকস সিয়ামন ডিক্লারেশন’-এ বলা হয়েছে, ‘আমরা সেই সব জঙ্গি হামলার কঠোর নিন্দা করছি, যাতে নিরীহ আফগান নাগরিকদের মৃত্যু হচ্ছে। এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবং তালেবান, আইএসআইএল/দায়েশ, আল-কায়েদা ও তার শাখা ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তাইয়েবা, জইশে মুহাম্মদ, টিটিপি ও হিযবুত তাহ্রীর সৃষ্ট হিংসা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
এ ছাড়া ব্রিকসের খসড়া ইশতেহারে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার উৎক্ষেপণের কড়া নিন্দা জানানো হয়েছে।
সূত্র: দ্য ডন।