সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান
মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসীদের দণ্ড কার্যকরের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান সরকার। গতকাল মঙ্গলবার পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলার পরদিনই আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
আল জাজিরা ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়ারসেক রোডে সেনাবাহিনী পরিচালিত ওই স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৪১ জন নিহত হয়। তাদের মধ্যে ১৩২ জনই শিশু।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড–সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের দণ্ড কার্যকরের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা বাতিল করার বিষয়টি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।
মানবাধিকার সংগঠন জাস্টিজ প্রজেক্ট পাকিস্তানের হিসাবে দেশটিতে বর্তমানে প্রায় ৮০০ সন্ত্রাসী মত্যুদণ্ডের তালিকায় আছে।
২০১২ সালে কোর্ট মার্শালে এক সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ ঘটনা ছাড়া ২০০৮ সাল থেকে পাকিস্তান কোনো সন্ত্রাসী মামলায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করেনি। কেননা এ–সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকর না করার পক্ষে অনেকটাই অনানুষ্ঠানিক অনুমোদন ছিল তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির।
মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক হিসাবে দেখা যায়, পাকিস্তানে মৃত্যুদণ্ডের তালিকায় আট হাজার কারাবন্দী রয়েছেন, যাঁদের বেশির ভাগই আপিল–প্রক্রিয়া শেষ করতে গিয়ে প্রায় নিশেঃষ।