পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, তাঁর দেশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের জাতীয় নীতির অংশ।
সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে কথাগুলো বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর গোয়েন্দা সহায়তা আরও জোরদারের তাগিদ দেওয়া হয়।
পাকিস্তানি শীর্ষ কর্তৃপক্ষের প্রথম বৈঠকটি ছিল সন্ত্রাস দমনে গঠিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের (এনএপি)। এ বৈঠকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, একত্রীকরণ, বিশ্লেষণ এবং তার ব্যবহার আরও দক্ষতার সঙ্গে করার তাগিদ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কথিত জঙ্গি ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ভারত। পাকিস্তান এ দাবি অগ্রাহ্য করলেও সীমান্তে ভারতের সেনাদের গুলিতে তাদের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে। এরপর থেকে দুই দেশের সীমান্তে অন্তত দুই দফা গোলাগুলি হয়। এমন পরিস্থিতির মধ্যে গত সোমবার পাকিস্তানের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে’ সর্বদলীয় ঐক্যের ঘোষণা দেওয়া হয়। আর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয় দুই বৈঠক।
গতকাল এনএপির বৈঠকে নওয়াজ শরিফ বলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়েছে।
এনএপির সভার পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা হয়। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল নিয়ন্ত্রণরেখার বর্তমান পরিস্থিতি। দুই বৈঠকে পাকিস্তানের সব প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ অংশ নেন।
প্রতিরক্ষা প্রস্তুতি পর্যালোচনা: এর আগে সোমবার পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করেন। জেনারেল শরিফ এ জন্য প্রতিরক্ষা বাহিনীর স্ট্রাইক ফোর্সের সদর দপ্তর পরিদর্শন করেন। কাশ্মীর সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে সেনাপ্রধানের এই পর্যালোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
‘মানবাধিকার লঙ্ঘনের’ নথি হস্তান্তর: এদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর ‘মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ’ হস্তান্তর করেছেন। পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড অলসোনের কাছে এসব দলিল তুলে দেন জিলানি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সভায় জিলানি নারী-শিশুসহ কাশ্মীরের সাধারণ মানুষের ওপর নিপীড়নের বিষয়ে সজাগ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।