সমর্থকদের ভয় দেখিয়ে দল থেকে সরানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধুভিত্তিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) জ্যেষ্ঠ নেতা ফারুক সাত্তার অভিযোগ করেছেন, তাঁদের ‘নিখোঁজ’ ও আটক কর্মীদের স্বজনদের জোর করে এমকিউএমকে সমর্থন দেওয়া থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। শনিবার করাচিতে এক সংবাদ সম্মেলনে ফারুক সাত্তার এই অভিযোগ করেন। খবর দ্য ডনের।
এমকিউএমের কোন কোন নেতা-কর্মী ‘নিখোঁজ’ আছেন, তা সুনির্দিষ্টভাবে ফারুক সাত্তার উল্লেখ করেননি। তিনি বলেছেন, ভয় দেখানোর পাশাপাশি দলের সমর্থকদের অন্য দলে ভাগিয়ে নিতেও নানা ধরনের প্রলোভন দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, ওই কর্মীদের ‘অনিবন্ধিত’ নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ফারুক সাত্তার বলেন, দলের প্রধান আলতাফ হোসেনকে বাদ দেওয়ার ‘মাইনাস ওয়ান ফর্মুলা’ বাস্তবায়ন করার চেষ্টা এখনো চলছে।
জ্যেষ্ঠ নেতা সাত্তার বলেন, এমকিউএম সাংগঠনিক দুর্বলতা দূর করতে করাচিতে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে যাচ্ছে।
পাকিস্তানের বৃহত্তম নগর সন্ত্রাসকবলিত করাচিতে আধা সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে সেখানকার প্রভাবশালী দল এমকিউএম চাপে রয়েছে। এ দলটি দেশ বিভাগের সময় ভারত থেকে আসা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে।
দীর্ঘদিন বিদেশে থাকার পর এমকিউএমের দুজন জ্যেষ্ঠ নেতা মুস্তাফা কামাল ও আনিস কাইয়িমখনি সম্প্রতি করাচি ফিরে দলের যুক্তরাজ্যপ্রবাসী প্রধান আলতাফ হোসেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন। একই সঙ্গে নতুন দল গঠনের ঘোষণা দেন তাঁরা। এরপরই তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।
এই দুই নেতা সম্পর্কে এমকিউএম মনোনীত করাচির মেয়র প্রার্থী ওয়াসিম আখতার বলেছেন, ওই দুই নেতাকে লোভের ফাঁদে ফেলে দেশে আনা হয়েছে। শিগগিরই তাঁরা তাঁদের ভুল বুঝতে পারবেন।