সমুদ্র নীতিমালা তৈরি করছে পাকিস্তান
ভারত মহাসাগর অঞ্চলে ‘নানা অপতৎপরতার’ পরিপ্রেক্ষিতে সমুদ্রসীমায় নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পাকিস্তান একটি সমুদ্র নীতি তৈরি করছে। সমুদ্রে সৃষ্ট ‘সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট’ হুমকি মোকাবিলা এই নীতি তৈরির অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।
খসড়া নীতিমালাটি অনুমোদনের আগে পাকিস্তানের নৌবাহিনী এবং সরকারের বিভিন্ন স্তরে পর্যালোচনা করা হচ্ছে।
এই সমুদ্র নীতিমালা প্রণয়ন করছেন পাকিস্তান নেভি ওয়্যার কলেজের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো এবং অবসরপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ আজম খান। গতকাল মঙ্গলবার ইসলামাবাদে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের (সিআইএসএস) এক আলোচনায় আজম খান বলেন, পাকিস্তানের নৌবাহিনীর ভাবনা ও কর্মকাণ্ডের মধ্যে একটি সংগতি ও একতা আনা এবং দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই নীতিমালার উদ্দেশ্য।
ভারত মহাসাগর অঞ্চলে নানা হুমকির পরিপ্রেক্ষিত বর্ণনা করে কমান্ডার আজম খান বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার ফলে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে। পাকিস্তানকে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের নিরাপত্তার স্বার্থ সম্পর্কে জানতে হবে। নৌবাহিনীর নিয়ন্ত্রণকাঠামো এবং ভূমিকা সম্পর্কেও স্পষ্ট ধারণা দরকার।’
আজম খান বলেন, শুধু নিরাপত্তাই নয়, পাকিস্তানের নৌ ও বাণিজ্যিক স্বার্থ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার বিষয়টিও এই নীতিমালার অন্তর্ভুক্ত থাকবে। অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর সাবেক প্রধান আসিফ সানদিলা বলেন, সাগরে মুখ্য ভূমিকা নেওয়া এবং কৌশলগত নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কোনো সুনির্দিষ্ট নীতি পাকিস্তানের নেই।