সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র বানাচ্ছে পাকিস্তান
সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে পাকিস্তান। এ ছাড়া দেশটি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরিতেও আগ্রহী হয়ে উঠেছে। পাকিস্তান ও পশ্চিমা বিশ্লেষকদের বরাত দিয়ে গত রোববার এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট।
বিশ্লেষকেরা জানিয়েছেন, পাকিস্তানের নির্মিতব্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ব্যবহার করা যাবে। ফলে ভয়াবহ কোনো আক্রমণে স্থলভিত্তিক সব অস্ত্র শেষ হয়ে গেলেও সমুদ্রভিত্তিক ওই অস্ত্র ব্যবহার করতে পারবে পাকিস্তান।
পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নির্মাণে পাকিস্তানের এ কর্মসূচিতে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মনে করছে, পাকিস্তানের মতো দেশ, যেখানে দুই ডজনের বেশি জঙ্গিগোষ্ঠী সক্রিয়, সেখানে অস্ত্রের এ বিস্তার যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
ওয়াশিংটনভিত্তিক নিরাপত্তাবিষয়ক সংস্থা স্টিমসন সেন্টারের সহপ্রতিষ্ঠাতা মাইকেল ক্রেপন বলেন, ‘পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে পাকিস্তান যে প্রতিশ্রুতি দিয়েছে, স্বল্পমাত্রার সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সেটি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।’
১৯৯৮ সালে পাকিস্তান প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক ব্যবহার করে। সেই সময় পশ্চিমারা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। গত এক দশকের বেশি সময় ধরে পাকিস্তানে অব্যাহত রাজনৈতিক গোলযোগ, জঙ্গি আক্রমণ এবং পামাণবিক ক্ষমতাধর প্রতিবেশী ভারতের সঙ্গে উত্তেজনা পশ্চিমাদের শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।
গত এক দশকের বেশি সময় ধরে পাকিস্তান নানাভাবে জানান দিয়েছে, দেশটি সহজে বহনযোগ্য স্বল্পমাত্রার পারমাণবিক অস্ত্র বানাচ্ছে।
গত দুই বছরে পাকিস্তান আটবার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক অস্ত্র বহনক্ষম ব্যালাস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
পাকিস্তানের পারমাণবিক বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ অব ইসলামাবাদের সাবেক পরিচালক শিরিন এম মাজারি বলেন, ‘আমরা আমাদের পথে আছি। এক বছরের মধ্যে আমরা পরমাণু অস্ত্রের প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হব।’
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নির্মাণের এ খবর মার্কিন গোয়েন্দা ও কর্মকর্তাদের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। এসব পারমাণবিক অস্ত্র জঙ্গিদের হাতে চলে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।