মহাসড়কে অবরোধের মাধ্যমে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অচল করার ঘটনা মোকাবিলার ক্ষেত্রে সরকারের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ আদালত।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চে অবরোধের ঘটনা নিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয়। এর এক দিন আগে পুলিশের প্রতিবেদন দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি মুশির আলম ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, বিক্ষোভকারীরা কীভাবে কাঁদানে গ্যাস ও লাঠি পেল? কর্তৃপক্ষ যদি রাজধানীকেই সুরক্ষিত রাখতে না পারে, দেশকে কীভাবে সুরক্ষিত রাখবে?
আরেক বিচারপতি কাজি ফয়েজ ইসা আইএসআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ভূমিকার সমালোচনা করেন। জানতে চান, এই ঘটনার সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কী করছিল? এই বিচারপতির মতে, অবরোধের কারণে ইসলাম কিংবা পাকিস্তান কোনোটাই উপকৃত হয়নি। তিনি মন্তব্য করেন, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অনুমতি ইসলাম কোথায় দিয়েছে?
এদিকে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে ইসলামাবাদ পুলিশের মহাপরিচালক জেনারেল খালিদ খাত্তার বলেছেন, ২০ দিন থেকে অবরোধ চলছিল। পুলিশ এত দিন দায়িত্বে থেকেছে। যখন অভিযানের আদেশ এসেছে, তত দিনে পুলিশ ক্লান্ত।
সম্প্রতি নির্বাচনী আইন সংশোধনের সময় জনপ্রতিনিধিদের শপথের একটি অংশে হজরত মোহাম্মদ (সা.)-এর উল্লেখ বাদ পড়ার পর ধর্মীয় অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে প্রায় তিন সপ্তাহ ধরে রাজধানী ইসলামাবাদে প্রবেশের প্রধান সড়ক ফাইজাবাদ মহাসড়ক অবরোধ করে রাখেন কয়েকটি ধর্মীয় দলের সমর্থকেরা। গত শনি ও রোববার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। মারা যান কমপক্ষে ছয়জন। আহত হন দুই শতাধিক।
সেনা মধ্যস্থতায় এবং আইনমন্ত্রীর পদত্যাগের পর প্রায় তিন সপ্তাহের অবরোধ প্রত্যাহার করে নেয় ধর্মীয় দলগুলো। তবে মধ্যস্থতাকারী হিসেবে সেনা ভূমিকা নিয়ে আদালতে বিভক্তি দেখা দিয়েছে।