সাত বছর ধরে সম্পদ কর দিচ্ছেন না নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নির্বাসনের থাকার সময় কর দিলেও গত সাত অর্থবছর ধরে সম্পদ কর দেননি। আজ বুধবার আইএএনএসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়।
জাতীয় পরিষদে কর–সংক্রান্ত নওয়াজ শরিফের দেওয়া নথিপত্রে দেখা যায়, সেখানে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাঁর সম্পদের ওপর কর দেওয়ার ঘরটি খালি।
সেখানে ২০০৮-০৯ অর্থবছরে কর জমা দেওয়ার বিষয়টি উল্লেখ নেই।
১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত নওয়াজ শরিফ ৯৭ লাখ ৭০ হাজার রুপি সম্পদ কর দেন। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি নির্বাসনে সৌদি আরবে ছিলেন। নির্বাসন থেকে তিনি ২০০৭ সালের নভেম্বরে দেশে ফেরেন।
তবে জাতীয় পরিষদে জমা দেওয়া নথিপত্রে দেখা যায়, চলতি অর্থবছরে নওয়াজ শরিফ আয়কর দিয়েছেন ২৪ লাখ ৯০ হাজার রুপি। কিন্তু কৃষি করের ঘরটি ফাঁকা।
অন্য আরেকটি নথিতে দেখা যায়, নওয়াজ শরিফের মালিকানাধীন ১২টি কারখানার জন্য শরিফ ২০০০ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত ৯৮৭ কোটি রুপি ট্যাক্স দিয়েছেন।