সাবিন আদর্শের বলি নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিন মেহমুদ
সাবিন মেহমুদ

নৈরাশ্যবাদী হওয়া খুব সহজ। নৈরাশ্যবাদী হতে কিছু করতে হয় না, আর এই কিছু না করাটাই একসময় নিজেই নিজের ভবিষ্যৎ​ নিশ্চিত করে। নৈরাশ্যবাদীরা প্রতিবাদ মিছিল দেখে ভাবে,‘এটি আসলে কিছুই অর্জন করতে পারবে না।’ আর মিছিলটি যখন সত্যই কিছু অর্জনে ব্যর্থ হয়, নৈরাশ্যবাদ তখন পুরস্কৃত হয়।
কিন্তু প্রতিটি প্রতিবাদ মিছিলের পেছনেই একজন মানুষের সত্যিকার শ্রম থাকে। সাবিন মেহমুদ ছিলেন তেমনই একজন। তিনি নৈরাশ্যবাদী ছিলেন না। ছিলেন সমালোচক, নির্ভীক ও সাহসী। তিনি প্রত্যক্ষভাবে কাজ করা পছন্দ করতেন। রাস্তায় মিছিল করতেন, প্রতীক বহন করতেন এবং আলোক মিছিল সংগঠিত করতেন তিনি।
সাবিন সৃষ্টি করতেন। তিনি আন্দোলন করেছেন এবং প্রতিবাদ করার একটি মঞ্চ তৈরি করেছেন। নৈরাশ্যবাদী হওয়ার মতো সময় তাঁর হাতে ছিল না। কারণ তিনি আশার দ্বারা চালিত হতেন। তাঁর এই আশাই কী তাঁকে মৃত্যু​র দিকে ঠেলে দিল?

প্রকৃতপক্ষে তা সঠিক নয়। এটা বলা খুবই সহজ যে,‘নিজেদের নিস্পৃহতা দিয়েই আমরা তাঁকে হত্যা করেছি।’ অথবা ‘তাঁর আদর্শ তাঁকে হত্যা করেছে।’ কিন্তু এসবের কিছুই তাঁকে হত্যা করেনি।

বেলুচিস্তানে আলোচনার আয়োজন ও প্রচারও তাঁকে হত্যা করেনি। মামা কাদেরকে কথা বলার সুযোগ দেওয়া কিংবা ভয় প্রদর্শনে ভীত না হওয়ার কারণেও তিনি মারা যাননি।

শেষ পর্যন্ত, আমরা জানি কী তাঁকে হত্যা করেছে। এক বন্দুকধারী তাঁকে পাঁচটি গুলি করেছে। এক কর্তৃপক্ষ এ হত্যার অনুমোদন দিয়েছে। শুধু এ হত্যাই নয়, তারা আরও অনেককে হত্যা করেছে। তারা সাবিনকেও হত্যা করেছে।
সাবিন তাদের হাতে খুন হওয়া প্রথম ব্যক্তি নন। আবার তিনি খুন হওয়া শেষ ব্যক্তিও নন। তাই বলি, নিজেকে দোষ দিও না। নিজের আশা, আদর্শ, সাহস, সমাজ বা অন্য যেকোনো ধরনের দার্শনিক ধারণাকে দোষ দিওনা। এগুলোর আমাদের দরকার।

একমাত্র তাঁদের হত্যাকারীদের দোষ দাও। তাঁরা কী হত্যা করেছে? তাঁরা সাবিন মেহমুদকে হত্যা করেছে। সাবিন খন্দকার-ই-ইত্তেহাদ নামের একটি ওয়েব ডিজাইন কোম্পানি চালাতেন। তিনি স্টিভ জবসের আদর্শে বিশ্বাসী ছিলেন। আলোচনায় বিশ্বাসী ছিলেন। ক্লান্ত এবং অলস নৈরাশ্যবাদকে সাবিন ‘না’ বলে আশার ভিত্তি তৈরি করতেন।
সাবিন মেহমুদ এমন একটি কর্মস্থল তৈরি করেছিলেন, যেখানে দেয়ালে নানা শিল্পকর্ম, সত্যবাদী কবি, লেখক ও কর্মীদের ছবি ঝোলানো থাকত।
সাবিন মেহমুদ জানতেন, শেষ পর্যন্ত তাঁর এমন পরিণতি হবে। কিন্তু এসবের কিছুই তাঁর কর্মকাণ্ড থামাতে বা মন্থর করতে পারেনি। তাঁরা বিশ্রামহীন, সাহসী, নির্ভীক, উত্সাহী, স্বভাব-সুলভভাবে আদর্শ দিয়ে অনুপ্রাণিত এক সাবিন মেহমুদকে হত্যা করেছে। কিন্তু এর মাধ্যমে তাঁরা ভালো ও মহৎ কর্ম বন্ধ করতে পারবে না।

‘তিনি শান্তিতে থাকুন’ মারা গেলে প্রথা অনুযায়ী এটা বলা হয়। কিন্তু সাবিন শুধু নিজেই শান্তিতে থাকার মানুষ নন। শান্তির জন্যই সাবিন কাজ করে গেছেন। এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তাঁকে প্রাণ হারাতে হলো। কাজেই সাবিন শান্তিতে থাকার মতো শান্ত নন।
নৈরাশ্যবাদের বিপক্ষে আর আশাবাদী হওয়ার জন্য সাবিনের জীবনকে শুধু সম্মান জানাতে চেয়েছি। কিন্তু এখন আমি যে আর কান্না থামতে পারছি না।

পাকিস্তানের মানবাধিকারকর্মী সাবিন মেহমুদকে গত শুক্রবার গুলি করে হত্যা করা হয়। সাবিনের হত্যা নিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় ‘আইডিয়ালিজম ডিডেন্ট কিল সাবিন, বুলেটস ডিড’ নামে একটি কলাম লিখেছেন তাঁর এক সময়ের সহকর্মী ও পাকিস্তানের কৌতুকাভিনেতা, লেখক ও অভিনেতা সামি শাহ। সেই কলাম থেকে অনূদিত।