সামরিক আদালত নিয়ে বৈঠক ডেকেছেন নওয়াজ শরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সামরিক আদালত গঠন নিয়ে উদ্বেগের মধ্যে এ বিষয়ে আলোচনা করতে আজ শুক্রবার সংসদীয় নেতাদের বৈঠক ডেকেছেন। এ ধরনের আদালত গঠনের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। খবর ডনের।
প্রধানমন্ত্রী নওয়াজ গত বুধবার বলেন, তিনি সন্ত্রাসীদের বিচারের জন্য সামরিক আদালত গঠনের পথে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর একটা সন্দেহ আছে যে একদিন তাঁকেও হয়তো এ ধরনের আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু সেই ভয়ে তিনি পেশোয়ারে জঙ্গি হামলায় নিহত শিশুদের ভুলে যেতে পারেন না।
পেশোয়ারের স্কুলে ভয়াবহ জঙ্গি হামলার পর সব রাজনৈতিক দল, সেনাবাহিনী ও ব্যবসায়ীদের বৈঠকে সবাই সামরিক আদালতে সন্ত্রাসীদের বিচারের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু শীর্ষ দুই বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কয়েক দিন ধরে বলছে, তারা সামরিক আদালত গঠন করতে সংবিধান সংশোধনের বিপক্ষে। এ ধরনের আদালতকে সুপ্রিম কোর্ট সংবিধানপরিপন্থী আখ্যা দিতে পারে এমন আশঙ্কায় পিপিপি ও পিটিআই বিষয়টি নতুন করে ভেবে দেখার পক্ষপাতী। পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সৈয়দ খুরশিদ শাহ বলছেন, ২৪ ডিসেম্বরের সর্বদলীয় বৈঠকে সামরিক আদালত নয়, সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত গঠনের কথা বলা হয়েছিল।
তিনটি বিশেষ আদালত গঠন: পাকিস্তান সুরক্ষা আইনের অধীনে পেশোয়ার, লাহোর ও কোয়েটায় গতকাল বৃহস্পতিবার তিনটি বিশেষ আদালত গঠন করা হয়েছে। সন্ত্রাসবাদী কার্যক্রমের বিচারের লক্ষ্যে এ ধরনের মোট পাঁচটি আদালত গঠন করা হবে।
সেনা কর্মকর্তাদের বৈঠক: সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গতকাল সেনা সদর দপ্তরে এক বৈঠক করেন। এতে সন্ত্রাস দমনে জাতীয় পরিকল্পনা এবং সামরিক আদালত গঠনের ব্যাপারে আলোচনা হয়।