সামরিক আদালত নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ
পাকিস্তানে সন্ত্রাসীদের বিচারে সামরিক আদালত গঠন বিষয়ে এক পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট চারটি প্রদেশের শীর্ষ আইন কর্মকর্তাদের (অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট জেনারেল) গতকাল বুধবার নোটিশ দিয়েছেন। প্রধান বিচারপতি নাসিরুল মুলকের নেতৃত্বে সর্বোচ্চ আদালতের তিন সদস্যের একটি বেঞ্চ ওই শুনানি গ্রহণ করেন। খবর ডনের।
সংবিধানের ২১তম সংশোধনীর আলোকে দেশে সামরিক আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের (এলএইচসিবিএ) পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। এতে বলা হয়, সামরিক আদালত প্রতিষ্ঠা করা হলে সংবিধানের অষ্টম অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক অধিকার লঙ্ঘন হবে। তাই এ ধরনের আদালত অসাংবিধানিক।
বার অ্যাসোসিয়েশন বলছে, ২১তম সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ও বৈশিষ্ট্যের পরিপন্থী। তা ছাড়া এটি জনগণের মৌলিক অধিকার খর্ব করে। বিশেষ সামরিক আদালতে নাগরিকদের বিচার করাটা এককথায় দুঃখজনক, অযৌক্তিক এবং বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল। তাই এ ধরনের বিশেষ আদালত ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টও মৌলিক অধিকারের পরিপন্থী কোনো সংশোধনী পাস করতে পারে না।
বার কাউন্সিল বিক্ষোভ করবে: সামরিক আদালত গঠনের আইনের বিরুদ্ধে পাকিস্তানের বার কাউন্সিল (পিবিসি) দেশজুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। দেশটির শীর্ষ এ আইনি সংগঠনের এক সভায় গত মঙ্গলবার সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্টে পিটিশন করারও সিদ্ধান্ত হয়।
পিটিশনে আরও বলা হয়, বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারগুলোর অভিভাবক ও জামিনদার—বিশেষ করে আইনের দৃষ্টিতে সবার সাম্য, মর্যাদার সমতা, সুযোগের সমতা, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে।
সন্ত্রাসবাদী তৎপরতায় জড়িত সন্দেহভাজন বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচার করার লক্ষ্যে পাকিস্তানের পার্লামেন্ট চলতি মাসের শুরুতে সংবিধান সংশোধন করে। পেশোয়ারের একটি সামরিক স্কুলে তালেবান জঙ্গিরা গত মাসে ভয়াবহ হামলা চালিয়ে ১৩২টি শিশুসহ ১৫০ জনকে হত্যা করার পর দেশটিতে এটিসহ বেশ কিছু সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়া হয়।