সামরিক আদালতে বিচারের জন্য ৬ মামলা চূড়ান্ত
পাকিস্তানে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধের ছয়টি মামলার বিচার সামরিক আদালতের অধীনে করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদের মুখ্য কমিশনার নিযুক্ত চার সদস্যের একটি কমিটি বিষয়টি চূড়ান্ত করেছে। খবর ডনের।
তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই করে মামলা সামরিক আদালতে পাঠানোর ব্যাপারটি চূড়ান্ত করে ওই কমিটি। তাদের কাছে এ পর্যন্ত আটটি বড় ধরনের মামলার তদন্ত প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইসলামাবাদে ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৪৫টি সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২৬৩ জন নিহত এবং ৯৪৪ জন আহত হয়। ৩১টি হামলায় জড়িত থাকার অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সামরিক আদালতে বিচারের জন্য চূড়ান্ত মামলাগুলোর মধ্যে ধোক পার্চার ন্যাটো টার্মিনালে ২০১০ সালের ৯ জুনের হামলা এবং জেদ্দা শহরে একই বছরের ৪ অক্টোবরের হামলার ঘটনা দুটি রয়েছে। ওই দুই হামলায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছিল।
সংখ্যালঘুবিষয়ক সাবেক মন্ত্রী শাহবাজ ভাট্টি হত্যা মামলাটিও সামরিক আদালতে বিচারের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র। ২০১১ সালের ২ মার্চ শাহবাজকে হত্যা করা হয়।