সেনাশাসনের বিপক্ষে মোশাররফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল পারভেজ মোশাররফ
জেনারেল পারভেজ মোশাররফ

সামরিক শাসন জারির বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। গত মঙ্গলবার ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেনাবাহিনী জরুরি প্রয়োজনে কাজে লাগানোর সর্বশেষ শক্তি। মোশাররফ তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাঁর উত্তরসূরি আশফাক পারভেজ কায়ানির কড়া সমালোচনা করেন।
১৯৯৯ সালে তখনকার নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন সেনাপ্রধান মোশাররফ।
মোশাররফের সাক্ষাৎকারটির বড় অংশজুড়ে ছিল বিভিন্ন সময়ে দেশের সেনাবাহিনীর ভূমিকা এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ও পূর্বসূরি জেনারেল কায়ানির কথা।
সাবেক সেনাপ্রধান কায়ানির কড়া সমালোচনা করে মোশাররফ বলেন, ‘কায়ানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। যখন একটা সরকার নিষ্ক্রিয় থাকে, তখন সেনাপ্রধানকেই এগিয়ে যেতে হয় এবং ব্যবস্থা নেওয়ার পথ খুঁজতে হয়। (জেনারেল) শরিফ সেটাই করেছেন। সুতরাং, জেনারেল কায়ানি হয় ভীত, না-হয় খুব বেশি স্বল্পভাষী বা রক্ষণশীল ছিলেন।’ জঙ্গিদের বিরুদ্ধে ‘ব্যবস্থা না নেওয়ায়’ কায়ানিকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলেও মন্তব্য করেন মোশাররফ।
পেশোয়ারের স্কুলে গত ডিসেম্বরের জঙ্গি হামলায় ১৩২ শিশুসহ অনেকে নিহত হওয়ার পর মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) সিন্ধু প্রদেশে সামরিক শাসন জারির আহ্বান জানিয়েছিল। এর যৌক্তিকতা জানতে চাইলে জেনারেল মোশাররফ বলেন, ‘আমি মনে করি না, সামরিক আইন জারি করা দরকার।... পাকিস্তান বর্তমানে দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি। অর্থনীতি ভালো নেই। সন্ত্রাসবাদ সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। আর সেনাবাহিনী জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দেশের সর্বশেষ শক্তি। সামরিক বাহিনীতে আমরা এটাকে বলি বাস্তব শক্তি। ব্যবহার করলেন মানেই তা নিঃশেষ হয়ে গেল। ধরুন, সেনাবাহিনীকে মাঠে নামানো হলো আর বর্তমানের চরম গোলমেলে অবস্থায় তারা পাকিস্তানের আর্থসামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হলো, তাহলে এই সর্বশেষ শক্তিও নিঃশেষ হয়ে যাবে।’
নিজের বিরুদ্ধে মামলাগুলোকে প্রতিহিংসা আখ্যায়িত করেন মোশাররফ। তাঁর প্রতি সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কেন ক্ষুব্ধ ছিলেন, এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘কোনো কারণ নেই। তিনি সবকিছু থেকে সর্বোচ্চ ফায়দা নিতে চেয়েছেন।’