সালমান তাসিরের হত্যাকারীর ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমতাজ কাদরি
মুমতাজ কাদরি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। পাকিস্তানের ডন পত্রিকা এ খবর জানিয়েছে।
মুমতাজ কাদরি পুলিশের এলিট ফোর্সের সদস্য হিসেবে গভর্নর সালমান তাসিরের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন। ২০১১ সালের ৪ জানুয়ারি রাজধানী ইসলামাবাদের কোসর মার্কেটে দিনের বেলা তাসিরকে গুলি করে হত্যা করেন মুমতাজ।
২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পর সালমান তাসিরকে হত্যার ঘটনাকে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক ও আলোচিত হত্যাকাণ্ড হিসেবে মনে করা হয়। হত্যার পর মুমতাজ বলেন, পাকিস্তানে বিদ্যমান বিতর্কিত ব্লাসফেমি বা ধর্ম অবমাননার আইন রদ করার পক্ষে কথা বলায় তিনি সালমান তাসিরকে হত্যা করেন। ওই বছরের অক্টোবর মাসে মুমতাজের ফাঁসির আদেশ হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন মুমতাজের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।

আদিয়ালা কারাগারে মুমতাজের ফাঁসি কার্যকরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাজ্জিদ গোন্ডাল।

মুমতাজ কাদরির ফাঁসির আগে আদিয়ালা কারাগারসহ পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কারাগারের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফাঁসি কার্যকরের পর মুমতাজের মরদেহ তাঁর পরিবারের কাছে তুলে দেওয়া হয়।