সিন্ধু নদ চুক্তির ক্ষতিসাধনে ভারত ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। গত রোববার নতুন নিয়োগ পাওয়া এই মন্ত্রী বলেন, পাকিস্তানের নদীতে জলপ্রবাহে ভারতের বাধা দানের বিষয়টি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করতে শুরু করেছেন তাঁরা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তান পানি নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৃষ্ট হওয়া উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।
উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কিষানগঙ্গা ও র্যাটল জলবিদ্যুৎ প্রকল্পের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিশ্বব্যাংকের উদ্যোগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গত মঙ্গলবার আলোচনায় বসেছিল এই দুই দেশ। পাকিস্তান এই দুই প্রকল্পের বিরোধিতা করে আসছে। দেশটির অভিযোগ, এর মাধ্যমে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধুর পানি চুক্তি লঙ্ঘন করেছে ভারত। এই দুই প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে এর আগে সর্বশেষ আলোচনা হয় চলতি বছরের মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত ‘স্থায়ী সিন্ধু কমিশন’-এ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেন, পাকিস্তান সব সময় প্রতিবেশী বিশেষ করে ভারত ও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এই অঞ্চলে টেকসই শান্তি বজায় রাখতে পাকিস্তানের উদ্যোগে ইতিবাচক সাড়া দেয়নি এই দুই দেশ। আর ভারত তো পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের শুরু করা ষড়যন্ত্রে আরও সমর্থন দিচ্ছে। প্রতিবেশীর সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রাখার ইচ্ছাকে দুর্বলতা ভাবা ঠিক হবে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
‘পাকিস্তানের শান্তি আলোচনা’ শুরু করার আহ্বানে ভারত এখনো সাড়া দেয়নি জানিয়ে মুহাম্মদ আসিফ আরও বলেন, আফগানিস্তানের মতো ভারতও ইসলামাবাদকে লক্ষ্য করে ‘দোষারোপের খেলা’য় মত্ত হয়েছে। যদিও সিন্ধু চুক্তির ক্ষতিসাধনে ভারত ও যুক্তরাষ্ট্র কী করে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তার কোনো ব্যাখ্যা এ সময় দেননি পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী।