সিন্ধুর পানিচুক্তির ব্যত্যয় মানবে না পাকিস্তান
সিন্ধু নদের পানি নিয়ে ভারতের সঙ্গে করা চুক্তির কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। তাদের আশঙ্কা হচ্ছে, সময়ক্ষেপণের মাধ্যমে ভারত সিন্ধু নদের বিতর্কিত দুটি প্রকল্প সমাপ্ত করতে চাইছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ সহকারী তারিক ফাতেমী আলী ডনকে গত শুক্রবার বলেন, ‘মূল চুক্তিটি যেমন আছে সেটির কোনো পরিবর্তন কিংবা পরিমার্জন পাকিস্তান মানবে না। আমাদের অবস্থান পরিষ্কার। চুক্তিটি কেবল কাগজে-কলমে নয়, বাস্তবিক অর্থেই মানতে হবে।’
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরসহ দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সিন্ধুর পানিচুক্তি পুনর্বিবেচনা করে তার পূর্ণ অধিকার আদায়ের কথা বলছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় আরও সময়ের প্রয়োজন। তিনি বলেন, ‘ভারত বরাবরই সিন্ধুর পানিচুক্তি বাস্তবায়নের পক্ষে। এ জন্য কারিগরি বিষয়গুলোর খুঁটিনাটিও পরীক্ষা করা হচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও সময়ের প্রয়োজন।’
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে ১৯৬০ সালে সিন্ধুর পানিচুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী কাশ্মীরের মোট ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পাকিস্তানে যাবে, পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত। তবে পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারবে। পাওনা হলেও এত বছরে কখনো ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি।
তবে ভারতের সময়ের প্রয়োজনকে দীর্ঘসূত্রতা হিসেবে দেখে উদ্বিগ্ন হয়ে উঠছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, ভারত এ ধরনের কৌশল অতীতেও নিয়েছিল। হঠাৎ করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেই সুযোগে চুক্তির ব্যত্যয় ঘটিয়ে প্রকল্প সম্পন্ন করে ফেলে। এখন ভারত কিষাণগঙ্গা ও চেনাব নদের ওপর যথাক্রমে ৩৩০ ও ৮৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ প্রকল্প করছে। ইসলামাবাদের দাবি, এই উদ্যোগ পানিচুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
বিশেষ করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু নদ চুক্তিকে হাতিয়ার করতে চাইছে ভারত। ভারতের দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে। উরি হামলার পর সিন্ধু পানিচুক্তি খতিয়ে দেখার এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দিকে ইঙ্গিত করে বলেছিলেন, রক্ত ও পানি একই সঙ্গে বইতে পারে না।
সিন্ধুর পানি নিয়ে সমস্যা নিরসনে ভারত চাইছে ‘নিরপেক্ষ বিশেষজ্ঞ’ নিয়োগ করতে আর পাকিস্তান চায় বিশ্বব্যাংকের মাধ্যমে সমাধান করতে। বিশ্বব্যাংক সিন্ধু চুক্তির মধ্যস্থতাকারী।