পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ না করলে ‘আজাদি মার্চের সুনামি’ তাঁর বাসভবন ও পার্লামেন্ট উড়িয়ে নিয়ে যেতে পারে। রাজধানী ইসলামাবাদের আবপারা চকে অবস্থান নেওয়া হাজারো নেতা-কর্মীর উদ্দেশে বক্তৃতায় গতকাল রোববার এই হুঁশিয়ারি দেন ইমরান।
একই দাবিতে রাজধানীর খায়াবান-ই-সোহরাওয়ার্দীতে অবস্থান নেওয়া পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তাদের নেতা তাহির উল-কাদরি সরকারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। খবর জিয়ো টিভি, ডন, এএফপি ও রয়টার্সের।
সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজের কৌশল সম্পর্কে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) একজন নেতা জানান, সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সরকারের পদত্যাগের দাবিতে পথে নামা ইমরানের ‘আজাদি মার্চ’ গতকাল চতুর্থ দিনে পড়েছে। গত বৃহস্পতিবার লাহোর থেকে যাত্রা শুরু করে শুক্রবার রাতে রাজধানীতে পৌঁছার পর আজাদি মার্চ অবস্থান নেয় আবপারা চকে। ইমরান গতকাল মার্চে দেওয়া ভাষণে নওয়াজের উদ্দেশে বলেন, ‘মিয়া সাহেব, আমি আপনাকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আমি আজাদি মার্চে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণে আমারও সীমাবদ্ধতা রয়েছে।’ পিটিআই প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, আজাদি মার্চের শক্তি পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন উড়িয়ে নিয়ে যেতে পারে।
ইমরান খান গতকাল পাকিস্তানের ডন নিউজকে বলেন, ‘কয়েক দিনের মধ্যে’ এই সরকারের পতন হবে। ‘সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে’ বিদায় নেবে নওয়াজের সরকার। তবে কীভাবে বা কোন প্রক্রিয়ায় সরকারের পতন ঘটবে, সে ব্যাপারে কিছু বলেননি সফল ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া ইমরান।
আধ্যাত্মিক নেতা তাহির উল-কাদরি তাঁর নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতায় গত শনিবার নওয়াজকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন। পদত্যাগের পর নওয়াজকে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।
ইমরান ও কাদরির অভিযোগ, গত বছরের মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে।
ক্ষমতাসীন পিএমএল-এনের একজন জ্যেষ্ঠ নেতা জানান, ইমরান বা কাদরির সঙ্গে আলোচনায় বসার কোনো তাড়া নেই নওয়াজের। তবে গতকাল সরকারের পক্ষ থেকে ইমরানের দলের সঙ্গে যোগাযোগ করে শর্ত সাপেক্ষে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পাঞ্জাবের গভর্নর চৌধুরী মুহাম্মদ সারোয়ার বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এলে অন্য সব দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি আছে সরকার। এ প্রস্তাবের বিষয়ে পিটিআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।