পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার (এলইটি) শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে কারাগারেই থাকতে হচ্ছে। ভারতের মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী লাকভিকে মুক্তি দিতে ইসলামাবাদ হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, গতকাল বুধবার তা খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর ডন ও এনডিটিভির।
পাকিস্তান সরকার ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। ওই আবেদনের ওপর গতকাল শুনানি শেষে হাইকোর্টের আদেশটিকে খারিজ করেন সুপ্রিম কোর্ট। লাকভিকে জামিনে মুক্তির সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে মন্তব্য করে সুপ্রিম কোর্ট বলেছেন, মামলাটির ওপরে আবার হাইকোর্টে শুনানি করতে হবে। সেখানে লাকভি এবং সরকার উভয় পক্ষের যুক্তি শুনতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী সোমবার ইসলামাবাদ হাইকোর্টে লাকভির বিষয়ে আবার শুনানি হবে।