সেনা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের প্রতিক্রিয়া কী হতে পারে, তা নির্ধারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি দেশটির সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার নতুন কৌশল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সহায়তা নিচ্ছে, অন্যদিকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। ট্রাম্পের নতুন এই কৌশল ঘোষণার পরই ইসলামাবাদের ওপর চাপ বাড়ান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান সরকার অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্রের দেওয়া সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যের পর গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করেননি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী আব্বাসি।