
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান হিসেবে নিজের মেয়াদ আর বাড়ুক তা চান না বলে ঘোষণা দিয়েছেন জেনারেল রাহিল শরিফ। কেউ ভাবতে পারেন, তাঁর এই সুস্পষ্ট ঘোষণায় ক্ষমতাসীন মহল হাঁফ ছেড়ে বেঁচেছে। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন।
বাস্তবতা হলো, জেনারেল শরিফের এই ঘোষণায় পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) বরং হতাশ। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার মতে, সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে ইতিমধ্যেই নাজুক ক্ষমতার ভারসাম্যের বিষয়টিকে সরকার লড়াই ছাড়াই সামরিক বাহিনীর অনুকূলে নেওয়ার সুযোগ করে দিল।
নানা ইস্যুতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বর্তমান মেয়াদ বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনায় ভরা। এর মধ্যে রয়েছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি সামরিক জোটের সদস্য হওয়া ও পাকিস্তানে সন্ত্রাস নির্মূলে ঘোষিত আলোচিত জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) বাস্তবায়ন।
সামরিক-বেসামরিক সম্পর্ক প্রশ্নে পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লিগের প্রধান শেখ রাশিদ আহমেদ বলেন, ‘বেসামরিক ও সামরিক নেতৃত্ব এখন একই সুরে গাথা—এ কথা আমি মানি না।’
পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সেনাপ্রধান রাহিল শরিফের ঘোষণা মূলত কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রীকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরের প্রতিক্রিয়া। এসব খবরে বলা হচ্ছিল, সরকার জেনারেল শরিফকে সেনাপ্রধান পদে আরও কিছুদিন থাকার প্রস্তাব দিতে চায়। এই দাবির সপক্ষের যুক্তি হলো, নানা জঙ্গিবাদী ঘটনার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ নির্মূলে সরকার ও সেনাবাহিনী মিলে যে কর্মপরিকল্পনা (এনএপি) নিয়ে এখন কাজ করছে, তা বাস্তবায়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত শরিফকে রাখতে আগ্রহী সরকার।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সহযোগীদের বরাত দিয়ে প্রকাশিত নতুন একটি খবরের দাবি, ক্ষমতাসীন দল পিএমএল-এনের তিনজন জ্যেষ্ঠ নেতা সেনাসদর দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। উদ্দেশ্য, জেনারেল রাহিল শরিফকে সেনাপ্রধান পদে থেকে যেতে রাজি করানো। কারণ, চলমান সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সরকার এই লড়াইয়ে কোনো ব্যাঘাত ঘটাতে চায় না।
এদিকে, রাজধানী ইসলামাবাদে ব্যাপক গুঞ্জন, যা শুরু হয়েছে, তার সবই অবসরের আগে সেনাপ্রধানের ভূমিকাকে ছোট করার সুপরিকল্পিত প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। প্রতিরক্ষা বিশ্লেষক ও অভিজ্ঞ সাংবাদিক জাহিদ হোসেনের মতে, সেনাপ্রধান পদে বাড়তি সময় থাকবেন না বলে ঘোষণা দিয়ে জেনারেল শরিফ কানাঘুষা বন্ধ করার চেষ্টা করলেও তাঁর এই ঘোষণা আরও বেশি গুঞ্জনের ডালপালা বিস্তার করতে পারে। বিশেষ করে, নতুন নেতৃত্বের অধীনে সেনাবাহিনীর চেহারা কেমন হবে, তা নিয়ে এখন থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয়ে যাবে।
পিএমএল-এনের একজন পার্লামেন্ট সদস্যের মতে, পরিস্থিতি যে পর্যায়ে, তাতে বল সরকারের কোর্টে। এখন তারা কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পাশ কাটিয়ে চলার পরিবর্তে সেগুলো সম্পাদন করার জন্য চাপে পড়ে যাবে। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো দেশগুলোতে সেনাপ্রধানের মেয়াদ বাড়ানো বা নিয়োগের মতো বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে থাকে। আর পদে থাকা সেনাপ্রধানের কাছ থেকে সরাসরি এমন বিবৃতি আসায় তা নানা বিতর্ক উসকে দিয়েছে।’
তবে এই বিতর্কের উপসংহারটা হয়তো বিশ্লেষক ইমতিয়াজ গুলই ভালোভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান সেনাপ্রধান স্পষ্টতই একজন খাঁটি সেনা হিসেবে ইতিহাসে নাম লেখাতে চান। তিনি যেমন মেয়াদ বাড়ানোর প্রলোভনে পা দেননি, তেমনি নিজের অভিভাবকতুল্য প্রতিষ্ঠানের ওপরে আস্থা রেখেছেন।’ ইমতিয়াজের মতে, এর মধ্য দিয়ে জেনারেল শরিফ তাঁর নিজের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই রাজনৈতিক সরকারের হাতেই সঁপে দিয়েছেন।