সেনাবাহিনীকে আরও ক্ষমতা দিলে গণতন্ত্রের ক্ষতি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে সেনাবাহিনীর হাতে আরও ক্ষমতা ছেড়ে দিলে তা দেশের গণতন্ত্রের বিপর্যয় ডেকে আনতে পারে। পাকিস্তানের সরকারকে সতর্ক করে দিয়ে এ কথা বললেন পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের বিরোধীদলীয় আইনপ্রণেতারা।
পার্লামেন্টে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টানা দুই দিন ধরে সরকারের সমালোচনার পর শনিবার সরব হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনপ্রণেতারা। তাঁরা সরকারের সমালোচনা করে বলেন, যেসব বিষয় নির্বাচিত ব্যক্তিদের করার কথা, সে ক্ষেত্রে সরকার পেছনের আসনে রয়েছে।
জাতীয় পরিষদে সংক্ষিপ্ত কিন্তু আবেগপূর্ণ বক্তব্যে পিটিআইয়ের আইনপ্রণেতা আলী মোহাম্মদ বলেন, ‘কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ সেনাসদস্য ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। এটি গর্বের বিষয় যে, এই দেশ একজন রাজনীতিবিদ প্রতিষ্ঠা করেছেন, ঘোড়সওয়ার কোনো সামরিক জেনারেল নয়।’ তিনি বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা করি। কিন্তু সব নীতি-সিদ্ধান্ত এখানেই (পার্লামেন্ট) গৃহীত হওয়া উচিত।’
নির্বাচিত আইনপ্রণেতাদের ভূমিকা সম্পর্কে আলী মোহাম্মদ বলেন, আশা করা হয় যে আইনপ্রণেতারা তাঁদের এলাকার ভোটারদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং তাঁরা ভোটার, পার্লামেন্ট ও গণমাধ্যমের কাছে জবাবদিহি করবেন। পিটিআইয়ের এমপি প্রশ্ন ছোড়েন, ‘এ ধরনের কথা কোনো জেনারেল, বিচারক কিংবা আমলাকে জিজ্ঞেস করা সম্ভব কি?।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের দোষারোপ করা বন্ধ করুন... আমরা চোর নই।’
এদিকে পিপিপির আইনপ্রণেতা নাফিসা শাহও সরকারের ‘ভুল’ অগ্রাধিকারের প্রসঙ্গ তুলে একই ইস্যুতে সরব হন। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পার্লামেন্টে কালেভদ্রে দেখা যায়, বরং তাঁরা জেনারেল হেডকোয়ার্টার থেকে নিমন্ত্রণ এলেই সচকিত হন। নাফিসা লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আশু আরোগ্য কামনা করে মত দেন, ‘এই সরকারেরও জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।’