সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করে আন্দোলনে ইমরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

মুখ খুলতে শুরু করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদ্য বহিষ্কৃত প্রেসিডেন্ট জাভেদ হাশমি। দলের প্রধান ইমরান খান তাঁকে বহিষ্কার করার পরের দিনই আজ সোমবার হাশমি বলেছেন, ইমরান খান তাঁদের জানিয়েছিলেন, সেনাবাহিনীর সহায়তা ছাড়া তাঁরা আন্দোলনের পথে অগ্রসর হতে পারবেন না। এমনকি ইমরান এ-ও বলেছিলেন, সেপ্টেম্বরেই নির্বাচন হবে, সব আগেভাগেই ঠিক করা হয়েছে।

জিয়ো নিউজের খবরে জানানো হয়, আজ সোমবার রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের এ কথা বলেন হাশমি।

আজ জাভেদ হাশমি সাংবাদিকদের বলেন, ‘ইমরান খান বলেছিলেন, “আমরা সেনাবাহিনী ছাড়া এগোতে পারব না। সব বিষয় নির্ধারণ হয়ে আছে, সেপ্টেম্বরে নির্বাচন হবে।” যেন সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল।’

ইমরান খানকে উদ্ধৃত করে হাশমি বলেন, ‘প্রতীক ধারকেরা (সেনাবাহিনী) চেয়েছিলেন পিটিআইয়ের আন্দোলনকারীরা পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা তাহির-উল-কাদরির সঙ্গে একত্রে আন্দোলন করুক।’

জাভেদ হাশমি বলেন, ‘এর মানে তারা এখানে এসব পরিকল্পনা নিয়েই নেমেছে। আমি জানি না, এটা ঠিক কার পরিকল্পনা। শুধু পরিকল্পনাকারীরাই এ বিষয়ে জানে।’

চলমান সংকটের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনাবাহিনীর নাম উঠে এসেছে বলে মন্তব্য করেন হাশমি। তিনি বলেন, ‘ইমরান খান নিজেই দলের কেন্দ্রীয় কমিটিকে এ বিষয়ে আগে বলেছেন।’

হাশমি মন্তব্য করেন, ইমরান খান ঝোঁকের বশে চালিত হচ্ছেন এবং তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টকে অপমানিত করছেন। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও দেশের অন্যান্য প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনে নিজের জীবন উত্সর্গ করতে প্রস্তুত আছেন বলে জানান হাশমি।

নিজেকে এখনো পিটিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দাবি করে জাভেদ হাশমি মন্তব্য করেন, ইমরান দলের সংবিধান মানেননি। তিনি বলেন, ইমরান খানের উচিত ছিল দলের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।