স্ত্রীসহ উ. কোরীয় কূটনীতিককে পেটালেন পাকিস্তানি কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে উত্তর কোরিয়ার দূতাবাসের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে দেশটির শুল্ক বিভাগের এক কর্মকর্তা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাসার দেয়ালে ঝোলানো ওই দম্পতির ছবিতে গুলিও করা হয় বলে এক লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এএফপির বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ৯ এপ্রিল শুল্ক বিভাগের লোকজনসহ ১০ জন ব্যক্তি উত্তর কোরিয়ার ওই কূটনীতিকের করাচির বাসায় যান। এ সময় তাঁদের হাতে পিস্তলও ছিল। ঘটনার দিন ওই কূটনীতিক ও তাঁর স্ত্রীকে ব্যাপক মারধর করা হয়। ওই কূটনীতিকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ওই দম্পতির ছবিতে গুলিও করা হয়। ওই কূটনীতিক দম্পতির মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। এসব কথা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই দম্পতি পাকিস্তানের শুল্ক বিভাগের প্রধানের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগে ঘটনার তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গত ২৭ এপ্রিল পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, ঘটনার সম্পূর্ণ তথ্য সিসিটিভির ফুটেজে সংরক্ষণ করা আছে।

শুল্ক বিভাগের প্রধান শোয়াইব সিদ্দিক এএফপিকে বলেন, ‘এটি একটি মারাত্মক অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি।’ এ বিষয়ে শোয়াইব সিদ্দিক বলেন, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হবে। যাতে করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়।

তবে ওই কূটনীতিকের পরিচয় এএফপি বা এনডিটিভি প্রকাশ করেনি।