স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় পাকিস্তানের রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বৃহত্তম ও জনবহুল শহর করাচির ঘিনঘিনে-অস্বাস্থ্যকর বিভিন্ন এলাকায় বসবাস করে মিয়ানমার থেকে বিতাড়িত হওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গা মুসলমান। দুই সপ্তাহ ধরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর আবারও যে দমন-পীড়ন শুরু হয়েছে, তাতে সেখানে থাকা স্বজনদের নিয়ে ভীষণ উৎকণ্ঠা-উদ্বেগে দিন কাটাচ্ছে পাকিস্তানে থাকা এসব রোহিঙ্গা।

যে নির্যাতনের শিকার হয়ে অর্ধশতাব্দী আগে ওই বিপুলসংখ্যক রোহিঙ্গা পাকিস্তানে পালিয়ে গেছেন, রাখাইনে চলমান সাম্প্রতিক রক্তক্ষয়ী দমনাভিযানের ঘটনা তাঁদের সেই পুরোনো ভয়াল স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। এই পাকিস্তানি রোহিঙ্গাদের কেউ কেউ বলছেন, রাখাইনে রয়ে যাওয়া তাঁদের স্বজনদের মেরে ফেলা হচ্ছে বলে খবর পাচ্ছেন বা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছেন না তাঁরা।

করাচির এই রোহিঙ্গা শরণার্থীরা ১৯৬০ ও ১৯৭০-এর দশকে মিয়ানমারে নিজেদের ভিটেমাটি থেকে উৎখাত হন। অভিবাসী হয়ে আশ্রয় নেন এখানে। এরপর থেকে দীর্ঘদিন তাঁরা এই বিদেশ-বিভুঁইয়ে থেকে গেলেও নিজ দেশে পরিবারের সদস্য ও অন্য স্বজনদের সঙ্গে তাঁদের যোগাযোগ বজায় আছে। বিশেষত মুঠোফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যম কয়েক বছর ধরে তাঁদের এ সুবিধা হাতের নাগালে এনে দেয়।

১৯৬২ সালে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে। সেই সময় একই রকম নির্যাতনের মুখে বর্তমানে করাচিতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের বয়স্ক সদস্যরা দীর্ঘ পথ হেঁটে বা নৌকায় ভেসে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) পালিয়ে যান। ঘটনাক্রমে তাঁদের ঠাঁই হয় পাকিস্তানের করাচিতে। করাচির বস্তি এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের অনেকেরই জন্ম পরে পাকিস্তানে।

আরাকানাবাদ নামে পরিচিত এসব বস্তিবাসীর একজন রাহিলা সাদিক। ১৫ বছর আগে পাকিস্তানে অভিবাসী হওয়া এই রোহিঙ্গা নারী বলছিলেন, দুই সপ্তাহ ধরে তিনি রাখাইনে তাঁর স্বজনদের মোবাইল ফোনে পাচ্ছেন না। ‘সেখানে কী হচ্ছে তা আমি ইন্টারনেটে দেখেছি’, বলেই কেঁদে ফেলেন তিনি। রাখাইনে চলমান সহিংসতার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হয়ে করাচির এ আরাকানাবাদের রোহিঙ্গাদের দুয়ারেও পৌঁছে গেছে। তাই তো, নিজ দেশে রয়ে যাওয়া স্বজনদের চিন্তায় তাঁদের প্রতিটা মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়।

আরাকানাবাদের আরেক শরণার্থী নূর মোহাম্মদ (৫০) বলছিলেন, ‘রাখাইনে কয়েক দিন আগে তাঁর পরিবারের তিনজন সদস্যকে মেরে ফেলা হয়েছে। সেনাদের হাতে ভাই, ভাইপো ও ভগ্নিপতি নিহত হওয়ার খবর তিনি সেখানে এখনো জীবিত আরেক ভাইপোর কাছ থেকে পেয়েছেন।