স্বাস্থ্য মন্ত্রণালয়ে একই পরিবারের ৪৮ জনের চাকরি!
একটি মন্ত্রণালয়ে একই পরিবারের ৪৮ জন চাকরি করেন! এর মধ্যে আবার একই হাসপাতালে চাকরি করছেন বেশ কয়েকজন। এক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার একই পরিবারের ৪৮ জন সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে চাকরি করছেন—এক ব্যক্তি এমন একটি অভিযোগ দায়ের করলে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আসে। বুধবার আদালতে এ বিষয়ে শুনানি হবে। অভিযোগে বলা হয়, একটি হাসপাতালের নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে টিকাদানকর্মী ও ল্যাব টেকনিশিয়ান—সবাই এক পরিবারের।
অভিযোগকারী ব্যক্তির নাম ফরমান আলী। তিনি স্বাস্থ্য বিভাগের কর্মচারী। ফরমান এএফপিকে বলেন, ২০০৮ সাল থেকে ওই পরিবারের প্রায় চার ডজন সদস্যকে স্বাস্থ্য বিভাগ নিয়োগ দিয়েছে। তাদের সবাই কোনো না কোনোভাবে ভাই-বোন। তিনি বলেন, তাদের অনেককে অধস্তন পদে নিয়োগ দেওয়া হলেও খুব দ্রুত তারা পদোন্নতি পেয়ে যান।
এ বিষয়ে প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী সিকান্দার আলী মান্ধ্র বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু বিষয়টি খতিয়ে দেখা হবে।
পাকিস্তানে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়টি বেশ প্রচলিত। আর যদি সরকারি চাকরি হয় সে ক্ষেত্রে তো আরও প্রকট হয়ে ওঠে। পাকিস্তান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বৈশ্বিক দুর্নীতি সূচকে ১৬৮টি দেশের মধ্যে ১১৭ তম অবস্থানে আছে।