হাফিজ সাঈদ গৃহবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজ সাঈদ
হাফিজ সাঈদ

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাঈদকে গত সোমবার রাতে পাকিস্তানের লাহোরে গৃহবন্দী করা হয়েছে। তাঁর সঙ্গে আরও চারজনকে বন্দী করা হয়েছে।
হাফিজ সাঈদ পাকিস্তানের ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধান।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, হাফিজকে ‘নিবর্তনমূলকভাবে আটক’ করা হয়েছে। অর্থাৎ তাঁর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।
ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপে পাকিস্তান এই উগ্রপন্থী নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। এর আগে তাঁর মাথার মূল্য ১ কোটি ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
এদিকে এই আটকের প্রতিবাদে গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। ইসলামাবাদ, করাচি এবং লাহোরে বড় ধরনের বিক্ষোভ করতে চাচ্ছে জেইউডি।
পুলিশ নিয়ে যাওয়ার আগে হাফিজ সাংবাদিকদের বলেন, ‘আমার আটকাদেশ বেআইনি। এই বিষয়টি নিয়ে আমরা আদালতে যাব। এই নির্দেশ এসেছে ওয়াশিংটন থেকে।’ কাশ্মীরের স্বাধীনতা অর্জন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন তিনি।
তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইসলামাবাদ ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি। তবে ট্রাম্প সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে পাকিস্তান একধরনের চাপবোধ করেছে। সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। লাহোর পুলিশের একজন কর্মকর্তা জানান, হাফিজের বাসভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে।