হাফিজ সাঈদের আরও ৩১ বছরের সাজা
সন্ত্রাসে অর্থায়নের দুটি মামলায় লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে ৩১ বছরের সাজা দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য এই সশস্ত্র সংগঠনটিকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। খবর আল-জাজিরার।
রায়ে বলা হয়, দুটি মামলায় বেশ কয়েকটি আইন ভঙ্গের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বর্তমান কারাভোগ ও নতুন করে দেওয়া সাজা একসঙ্গে চলায় তাঁকে ঠিক কত বছর কারাগারে থাকতে হবে, তাৎক্ষণিক তা স্পষ্ট হওয়া যায়নি।
৭ এপ্রিল আদালতের এক আদেশ বলা হয়েছে, এই মামলায় সাজাপ্রাপ্ত হাফিজ মুহাম্মদ সাঈদের দণ্ড এবং আগে দেওয়া দণ্ড একসঙ্গে চলবে, যদি কোনো মামলা থেকে থাকে।
আল-জাজিরা বলছে, পাকিস্তানের আইন অনুযায়ী, যদি কোনো সাজা বাতিল না হয় কিংবা আপিলে কমানো না হয়, তাহলে একের পর এক সব মামলার দণ্ড ভোগ করে যেতে হবে হাফিজ সাঈদকে।
হাফিজ সাঈদকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসে অর্থায়নের একই ধরনের এক মামলায় ২০২০ সালে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ইতিমধ্যে ১৫ বছরের সাজা ভোগ করছেন। তাঁর আইনজীবী নাসিরুদ্দিন নাইয়ার বলেন, সর্বশেষ সাজার বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন।
গত শতকে হাফিজ সাঈদকে বেশ কয়েকবার গ্রেপ্তার ও পরে মুক্তি দেওয়া হয়। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাসহ কোনো ধরনের সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন তিনি। মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হন, যাঁদের কয়েকজন আমেরিকান নাগরিক। সে সময় তাঁর বিষয়ে তথ্য দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
হাফিজ সাঈদকে গ্রেপ্তারের পর দেশজুড়ে বিস্তৃত তাঁর মসজিদ, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য সংগঠন এবং অন্যান্য সম্পদ জব্দ করে পাকিস্তান সরকার। লস্কর-ই-তাইয়েবা কাশ্মীরে কয়েক বছর সক্রিয় ছিল। দুই দেশের মধ্যে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিকে ভারত ও পাকিস্তান নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। এ নিয়ে দুবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি।
হাফিজ সাঈদের সাজা এমন সময় ঘোষণা করা হলো যখন ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এর কালোতালিকা এড়ানোর চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি সশস্ত্র সংগঠনের কাছে পাঠানোসহ অবৈধ অর্থ সরবরাহ মোকাবিলায় একটি দেশের সামর্থ্য মূল্যায়ন করে থাকে। পাকিস্তান ২০১৮ সাল থেকে ‘ধূসর তালিকায়’ রয়েছে।