হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন মালালা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই বলেছেন, তিনি তাঁর ওপর হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক চলচ্চিত্র উৎসবের দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মালালা। খবর গালফ নিউজের।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে আয়োজিত চার দিনব্যাপী টেলুরাইড চলচ্চিত্র উৎসবে মালালার জীবন নিয়ে নির্মিত হি নেমড মি মালালা নামের চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। যুক্তরাজ্যে অবস্থানরত মালালা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবে উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন।
চলচ্চিত্রকার কেন বার্নস পাকিস্তানের সোয়াতে তালেবান জঙ্গিদের হামলার বিষয়ে প্রশ্ন করলে মালালা বলেন, ‘ওই হামলার পর ধৈর্য আর দয়াকে আমি আমার জীবনদর্শন হিসেবে বেছে নিয়েছি। হামলাকারীদের আমি ক্ষমা করে দিয়েছি।’
চলচ্চিত্র উৎসবে মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই উপস্থিত ছিলেন। মেয়ে মালালার প্রতি তাঁর বাবার স্নেহ এই চলচ্চিত্রের মূল উপজীব্য। অনুষ্ঠানে হলিউডের নামী অভিনেত্রী মেরিল স্ট্রিপ উপস্থিত ছিলেন। আগামী ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে হি নেমড মি মালালা চলচ্চিত্রটি।