হুট করে ইসলামি রাষ্ট্র ঘোষণার পক্ষে ছিলেন না লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকে থাকার ক্ষমতা অর্জনের আগেই ইসলামি খেলাফত (রাষ্ট্রব্যবস্থা) ঘোষণা ও জঙ্গিবাদীদের মাত্রাতিরিক্ত নৃশংসতা প্রদর্শনের বিপক্ষে ছিলেন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। এ বিষয়ে আল-কায়েদার নেতাদের সতর্কও করেছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন আস্তানা থেকে জব্দ করা চিঠি ও নথিপত্র থেকে এমনটা জানা গেছে। গত মঙ্গলবার এসব নথি মার্কিন গোয়েন্দারা গণমাধ্যমের কাছে সরবরাহ করেন।
খবরে বলা হয়, ইয়েমেনের আল-কায়েদার নেতা নাসির আল উহাইশিকে এক চিঠিতে লাদেন লিখেছিলেন, ক্ষমতা দখলের পর টিকে থাকা যাবে—এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেবল ইয়েমেনের রাজধানী সানার দখল নিতে হবে। তিনি লেখেন, ‘আমরা যেখানেই খেলাফত প্রতিষ্ঠা করব, শত্রুপক্ষ তা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের মনে রাখতে হবে, শত্রুপক্ষ তালেবান এবং সাদ্দামের সরকার উৎখাত করেছে।’ তিনি ওই চিঠিতে বন্দীদের নির্যাতন বা শিরশ্ছেদ করার ছবি বা ভিডিও প্রকাশ না করতে নির্দেশ দেন।
মার্কিন কমান্ডোরা পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের আস্তানায় গোপন অভিযান চালিয়ে তাঁকে হত্যা করেছিল।