হেভিওয়েট প্রার্থীরা কে কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হবে বুধবার। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। শীর্ষ তিনটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের মধ্যে তেহরিক-ই-পাকিস্তানের (পিটিআই) প্রধান ইমরান খান পাঁচটি আসনে নির্বাচন করছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নির্বাচনে নিষিদ্ধ; নিজের দলের প্রধানের পদেও নেই তিনি। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ চারটি আসনে নির্বাচন করছেন।

এ ছাড়া প্রথমবারের মতো নির্বাচন করছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল জারদারি ভুট্টো। তিনি তিনটি আসনে লড়ছেন। বিলাওয়ালের বাবা পিপিপির প্রেসিডেন্ট আসিফ জারদারি লড়ছেন একটি আসনে।

দেশটির আলোচিত শীর্ষ নেতারা কে কোন আসনে এবং কোন এলাকা থেকে নির্বাচন করছেন, তা তুলে ধরা হলো:

শাহবাজ শরিফ
শাহবাজ শরিফ

শাহবাজ শরিফ

নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ। আদালতের নির্দেশে নওয়াজ পিএমএল-এনের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালে সেই পদে স্থলাভিষিক্ত হন তাঁরই ছোট ভাই শাহবাজ। লাহোরে জন্ম নেওয়া ৬৭ বছরের এই নেতা ন্যাশনাল অ্যাসেম্বলির (এনএ) চারটি আসন থেকে নির্বাচন করছেন। আসনগুলো হলো এনএ-২৪৯ (করাচি পশ্চিম-২), এনএ-১৩২ (লাহোর-১০), এনএ-৩ (সোয়াত-৩), এনএ-১৯২ (দেরা হাজি খান-৪)।

এর আগে শাহবাজ শরিফ ১৯৮৮ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচন করে জয়ী হন। ১৯৯০ সালে এনএ-৯৬ নম্বর আসন থেকে জয়ী হন। এ ছাড়া ১৯৯৩, ১৯৯৭, ২০০৮ ও ২০১৩ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়ী হন। তিনি দেশটির পাঞ্জাব প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী।

ইমরান খান
ইমরান খান

ইমরান খান

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের সেনবাহিনী তাঁকে ক্ষমতায় বসাতে চায় বলে প্রচারণা রয়েছে। ৬৫ বছর বয়সী ইমরান পাঁচটি আসন থেকে নির্বাচন করছেন। আসনগুলো হলো এনএ-৩৫ (বান্নু), এনএ-৫৩ (ইসলামাবাদ-২), এনএ-৯৫ (মিয়ানওয়ালি-১), এনএ-১৩১ (লাহোর-৯) ও এনএ-২৪৩ (করাচি পূর্ব-২)।

এর আগে ইমরান খান ১৯৯৭ সালে এনএ-৫৩ (ইসলামাবাদ-২) ও এনএ-৯৪ (খুশাব-২) আসনে নির্বাচন করে হেরে যান। ২০০২ সালে এনএ-৭১ (গুজরাট-৪) এ ২০১৩ সালে এনএ-৫৬ আসন (অটক-২) থেকে জয়লাভ করেন তিনি। খাইবার পাখতুন খাওয়া প্রদেশে ইমরানের দল জোট সরকার পরিচালনা করছে। আর বিদায়ী পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল ছিল পিটিআই।

বিলাওয়াল ভুট্টো জারদারি
বিলাওয়াল ভুট্টো জারদারি

বিলাওয়াল ভুট্টো জারদারি

পিপিপির চেয়ারম্যান ২৯ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো জারদারি দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে তিনি। প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে এনএ-৮ (মালাকান্দ সংরক্ষিত এলাকা), এনএ-২০০ (লারকানা-১) ও এনএ-২৪৬ (করাচি দক্ষিণ-১) আসন থেকে নির্বাচন করছেন। ২০০৭ সালের ডিসেম্বরে বোমা হামলায় মা বেনজির নিহত হওয়ার পর রাজনীতিতে আসেন বিলাওয়াল। তবে ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি।

আসিফ আলী জারদারি
আসিফ আলী জারদারি

আসিফ আলী জারদারি

পিপিপি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ আলী জারদারি। ৬২ বছর বয়সের এই রাজনীতিক এনএ-২১৩ নম্বর আসন (বেনজিরাবাদ-১) থেকে নির্বাচন করছেন। এর আগে তিনি ১৯৯০ সালে এনএ-১৮৯ নম্বর আসন (দেরা গাজি খান-১) থেকে এবং ১৯৯৩ সালে এনএ-১৬০ নম্বর আসন (লোধরান-১) থেকে নির্বাচিত হন তিনি। 
২০০৭ সালের নির্বাচনে বেনজির ভুট্টো বোমা হামলায় নিহত হওয়ার পর ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসে পিপিপি। তখন বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হন। ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি।